ফুলের মালা পরিয়ে পরাজিতদের বরণ করবেন জয়ীরা
জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভা নির্বাচনে জয়ী মেয়র ও কাউন্সিলররা তাঁদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বাড়িতে গিয়ে ফুলের মালা পরিয়ে দেবেন বলে অঙ্গীকার করেছেন। গত রোববার সকালে উপজেলা পরিষদের হলরুমে প্রার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভায় মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা এই অঙ্গীকার করেন। জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক প্রার্থীদের হাত উঁচিয়ে এ অঙ্গীকার করান।রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এ এম রফিকুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিক উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এ পৌরসভায় তিনজন মেয়র, ৩৪ জন সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।সভায় অশোক কুমার বিশ্বাস বলেন, ‘শেষ মুহূর্তে নির্বাচনী আচরণবিধি যেন লঙ্ঘিত না হয়, সে কারণে আপনাদের ডাকা হয়েছে। নির্বাচন কমিশন আমাদের চোখে নির্বাচনী চশমা পরিয়ে দিয়েছে। প্রশাসনের সবার চোখে এখন সেই চশমা রয়েছে। এখানে অনুরাগ-বিরাগের স্থান নেই।’