ফুলের শোভায় শোক ভোলেন মনু

বেঁচে থাকলে ছেলেটির এখন বয়স হতো ৩৬ বছর। হয়তো একটা চাকরিও করতেন, হতো ঘর-সংসার। তা এখন নিছকই ফুরিয়ে যাওয়া স্বপ্নসাধ। কারণ, সেই ছেলেটি ১০ বছর আগে চলে গেছেন চিরতরে। সুভাষ পাসি নামের সেই যুবকের স্মৃতি হাতড়ে কুঁকড়ে যান বাবা মনুরাম পাসি।
এই পাথরচাপা শোকে খড়্গ চালিয়েছে সুভাষের বালিকা বোন কবিতা রানীর চিরবিদায়। গত বছর, মাত্র ১৪ বছর বয়সে মা-বাবাকে ছেড়ে চলে গেছে সে। পঞ্চম শ্রেণিতে জিপিএ–৫ পেয়েছিল সে। এই মেয়ের শোকও দগ্ধ করে মনুরামকে। এত শোক, দুঃখ-ব্যথা তিনি সইবেন কী করে? ফুলবাগানে ঘুরে ঘুরে ফুলের শোভায় শোক ভোলার চেষ্টা করেন তিনি।
সুভাষ ২০০৬ সালে কিডনি রোগে মারা যান। মাকে বাঁচাতে গিয়ে কবিতা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। ডেমরার শামসুল হক খান স্কুলে সপ্তম শ্রেণিতে লেখাপড়া করত সে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টের ফুলের বাগানে কাজ করছিলেন মনুরাম। এটাই তাঁর পেশা। এখানে টানা ৩৪ বছর ধরে মালির কাজ করেন তিনি। প্রথম আলোকে বলেন, ‘আমার জীবনটাই কেটে গেল সুপ্রিম কোর্টের বাগানে। সুপ্রিম কোর্টে যত ফুলের গাছ, তা সবই আমার হাতেই লাগানো। যখন ফুলগাছে ফুল ফোটে, তখন বড়ই ভালো লাগে। ছেলেমেয়ে মারা যাওয়ার পর থেকে কাজকর্ম কিছুই ভালো লাগে না। কিন্তু যখন ফুলের বাগানে আসি, ফুল দেখি, তখন ছেলেমেয়ে হারানোর শোক ভুলে থাকার চেষ্টা করি।’

সুপ্রিম কোর্টের পুরোনো ভবনের মাঝখানের জায়গায় ফুলের বাগান গড়ে তোলা হয়েছে। সরেজমিনে দেখা যায়, সুপ্রিম কোর্টে কাঠগোলাপগাছের সংখ্যা বেশি। সাদা, নীল ও গোলাপি রঙের ফুল ফুটে আছে এসব গাছে। এক পশলা বৃষ্টির পর ফুলের পাপড়িতে বৃষ্টির ফোঁটায় বদলে যায় ফুলের চেহারা। ফুলবাগানে ফুটে আছে নয়নতারা, ছোট আলমান্দা, টগর, জুঁই, বেলি, রঙ্গন, জিনিয়া, জবা, মুসান্দা, রক্তজবা, বকুল, নাগেশ্বর, চম্পাসহ অন্যান্য ফুল। সুপ্রিম কোর্টের মূল ভবনের চারপাশে কাঠগোলাপ, বকুল, রক্তজবা, সোনালুসহ বিভিন্ন ফুলের গাছ রয়েছে।
মনুরাম বললেন, ‘প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা স্যারসহ বিচারপতি স্যাররা ফুলবাগানে আসেন। তবে বেশি আসতেন প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ, বিচারপতি এ টি এম আফজাল, বিচারপতি মুস্তাফা কামাল, বিচারপতি লতিফুর রহমান স্যার।’

ছেলেমেয়ে হারানো সুপ্রিম কোর্টের প্রধান মালি মনুরাম বলেন, ‘আমার মতো দুঃখী কেউ নেই। আমার মনে অনেক যন্ত্রণা। বড় ছেলে মারা গেল ২৬ বছর বয়সে। আজ বেঁচে থাকলে চাকরি করত। মেয়ে ক্লাস ফাইভে জিপিএ–৫ পেয়েছিল। মেয়েটাকে পুরস্কার দিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হক স্যার।’
এ কথা বলার সময় মনুরামের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছিল। মনুরাম বলেন, যত দিন তিনি বেঁচে থাকবেন, সুপ্রিম কোর্টে ফুলের বাগান দেখাশোনা আর পরিচর্যা করবেন। ফুল ফুটলেই তাঁর মন ভালো হয়ে যায়।