পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা থেকে পঞ্চগড় পৌঁছানোর পর নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সাবেক সাংসদ ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মজাহারুল হক প্রধান।
গতকাল সোমবার সন্ধ্যায় তিনি ঢাকা থেকে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পৌঁছালে সেখানে অপেক্ষা করতে থাকা নেতা-কর্মীরা তাঁকে হাতে ফুলের তোড়া এবং গলায় ফুলের মালা পরিয়ে দেন।
পরে মজাহারুল হক দলীয় নেতা-কর্মীদের নিয়ে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং পঞ্চগড় সার্কিট হাউসের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্বাস আলী, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিকসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় মজাহারুল হক প্রধান নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার জন্য কাজ করতে হবে। মানে রাখতে হবে, আমরা সবাই নৌকার লোক এবং নৌকা মার্কাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে হবে।’