ফুলেল শ্রদ্ধা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাইয়ুম চৌধুরী
দেশের বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরীর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাঁর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে বাদ জোহর তাঁর জানাজা হবে। এরপর আজিমপুর কবরস্থানে তাঁর মরদেহ শায়িত করা হবে।
এর আগে আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে কাইয়ুম চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে প্রথমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁদের সামরিক সচিব ফুল দিয়ে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। এরপর সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ বিএনপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর পর একে একে বিভিন্ন সংগঠন ও দেশের সর্বস্তরের মানুষ কাইয়ুম চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সকালে কাইয়ুম চৌধুরীর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় নেওয়া হয়। গতকাল রোববার রাতে তাঁর মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়।
আরও জানতে পড়ুন: