ফুলেল শ্রদ্ধায় বুদ্ধিজীবী দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে বিনম্র শ্রদ্ধায় গতকাল বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বধ্যভূমিতে দেওয়া ফুলে ফুলে ভরে গেছে শহীদবেদিগুলো। এ ছাড়া দিবসটি পালনে নীরবতা পালন, দোয়া অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা আয়োজন করা হয়।

আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

বরিশাল: সকাল আটটায় নগরের ত্রিশ গোডাউন এলাকায় বধ্যভূমিতে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা, প্রশাসন, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন। সাড়ে আটটায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা জানান উপাচার্য এস এম ইমামুল হকসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অন্যরা বক্তব্য দেন।

ফরিদপুর: বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রতাপ চন্দ্র বিশ্বাস। প্রথম আলো বন্ধুসভা বিকেলে স্থানীয় অম্বিকা ময়দান-সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদকে সম্মাননা দেয়। পরে নূর মোহাম্মদ রণাঙ্গনের স্মৃতিচারণা করেন। এরপর শহীদবেদিতে আলো প্রজ্বালন করা হয়। এ ছাড়া বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে।

ভোলা: পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পেছনে বধ্যভূমির স্মৃতিস্তম্ভে বিভিন্ন সংগঠন ফুলের স্তবক দিয়ে শ্রদ্ধা জানায়। ভোর পাঁচটায় জেলা প্রশাসন, পুলিশ সুপারের কার্যালয়, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, প্রেসক্লাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডারসহ কয়েকটি সংগঠন সেখানে ফুল দেয়। এ ছাড়া জেলা প্রশাসন আলোচনা অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠান করে।

পিরোজপুর: সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খায়রুল আলম সেখ। বক্তারা বলেন, দেশকে মেধাশূন্য করার জন্য বিজয়ের প্রাক্কালে রাজাকার আলবদর, আলশামস বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগিতায় বুদ্ধিজীবীদের হত্যা করে।