ফুলেল শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাতফেরিতে খালি পায়ে হেঁটে আসা হাজারো মানুষের কণ্ঠে ছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। হাতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল। শ্রদ্ধার ফুলে ভরে ওঠে বাঙালির শোকের মিনার, ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ মিনার।
জাতি গতকাল মঙ্গলবার এভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গকারী ভাষাশহীদদের। রাজধানী ঢাকাসহ সারা দেশেই গতকাল যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
একুশের প্রথম প্রহরেই ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার ও দেশের অন্য শহীদ মিনারগুলোতে বিভিন্ন শ্রেণি, পেশা ও বয়সের মানুষের ঢল নামে। গতকাল ভোর থেকে বাড়তে থাকে শ্রদ্ধা জানাতে আসা মানুষের সংখ্যা। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং তাঁর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় নেপথ্যে বাজছিল ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...’। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এরপর শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মন্ত্রি–পরিষদের সদস্য এবং দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে দলের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাংসদ, তিন বাহিনীর প্রধানেরা, কূটনীতিক, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।
এরপর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পুষ্পস্তবক অর্পণ করেন। স্পিকারের শ্রদ্ধা নিবেদনের পর পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। এরপর আওয়ামী লীগসহ ১৪ দলের নেতারা, জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র যথাক্রমে আনিসুল হক ও সাঈদ খোকন, বিভিন্ন দেশের কূটনীতিক, তিন বাহিনীর প্রধানেরা, পুলিশের মহাপরিদর্শক এবং র্যা বের মহাপরিচালক শ্রদ্ধা নিবেদন করেন।
সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১-ও ফুল দেয় প্রথম প্রহরে। ভাষাশহীদদের শ্রদ্ধা জানান হুইলচেয়ারে করে আসা যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। প্রথম প্রহরে শহীদ মিনারে একে একে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সর্বস্তরের মানুষ পলাশী হয়ে জগন্নাথ হলের সামনে দিয়ে মিছিল নিয়ে কিংবা জোটবদ্ধ হয়ে শহীদ মিনারে যান। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
রাত দেড়টার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শহীদ মিনারে যান। তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
গতকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিণত হয় জনসমুদ্রে। প্রায় দিনভর কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশে হাজার হাজার মানুষ জড়ো হয়। তাদের অনেকের বুকে ছিল কালো ব্যাজ। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ফুল আর ছোট ছোট পতাকা হাতে অপেক্ষায় থাকতে দেখা যায় অনেক শিশুকে।
সকালে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠন, সামাজিক-পেশাজীবী-সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সেখানে কবর জিয়ারত, ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত করা হয়।
গতকাল শহরজুড়ে ঘুরে বেড়ানো নগরবাসীর পোশাকেও ছিল একুশের চেতনার ছাপ। পোশাকে সাদা আর কালো রঙের ব্যবহার ছিল বেশি। তাতে খচিত ছিল বর্ণমালা, কবিতার চরণ বা গানের কলি। শহীদ মিনারে ফুল দিয়ে অনেকের গন্তব্য ছিল অমর একুশে গ্রন্থমেলার দিকে। রাজধানীর বিভিন্ন এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানেরও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এদিকে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় প্রথম আলো আয়োজিত বর্ণমেলা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নতুন প্রজন্মের শিশুদের বর্ণের সঙ্গে পরিচয় করিয়ে দিতে অষ্টমবারের মতো আয়োজন করা হয় এ মেলার। দিনব্যাপী বর্ণমেলায় ছিল বর্ণ-প্রদর্শনী, বর্ণ-আড্ডা, বর্ণ-ধাঁধা, বর্ণ-বিবর্তন, নাগরদোলা, পাপেট শো, জাদু, গান, হাতেখড়ি, হাতের লেখা ও ছবি আঁকা প্রতিযোগিতাসহ নানা আয়োজন। বর্ণমেলায় ছিল বিপুলসংখ্যক মানুষের সমাগম।
চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুরসহ দেশের সব জেলায় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। দিবসটি উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরসহ বিদেশে বাংলাদেশের সব মিশনেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসীরাও বিদেশের মাটিতে শহীদ মিনার গড়ে শ্রদ্ধা জানিয়েছেন ভাষাশহীদদের।
সরকারি ছুটির এই দিনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। প্রতিষ্ঠানগুলোতে উত্তোলন করা হয় কালো পতাকা।
বাঙালির ভাষা সংগ্রামের একুশ এখন বিশ্বের সব ভাষাভাষীর অধিকার রক্ষার দিন। ইউনেসকো এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিপাদ্য ঠিক করেছে ‘বহু ভাষায় শিক্ষা’।