ফুলেল শ্রদ্ধায় সুবীর চৌধুরীর অন্ত্যেষ্টি

আষাঢ়ের বৃষ্টিমুখর দিনে পৃথিবীর সব লেনদেন চুকিয়ে গেলেন সুবীর চৌধুরী। পরিকল্পনা ছিল গতকাল শনিবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহ আনা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। ঢাকা মহানগর তখন ভিজে যাচ্ছে মুষলধারায়। অগত্যা কিছুটা পরিবর্তন করা হলো তাঁর অন্তিম বিদায়ের পূর্বপরিকল্পনায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে দুপুর ১২টায় আনা হয় তাঁর মরদেহ। দেশের প্রবীণ, নবীন শিল্পী, রাজনীতিক, সংস্কৃতিসেবীদের নিবেদন করা ফুলে ফুলে ভরে ওঠে তাঁর শবাধার। এখানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, শিল্পী মুস্তাফা মনোয়ার, কাইয়ুম চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর, হাশেম খান, রফিকুন নবী, মনিরুল ইসলাম, শহীদ কবির, বীরেন সোম, ফরিদা জামান, নিসার হোসেন, শিশির ভট্টাচার্য্য, মনিরুজ্জামান, নাট্যজন রামেন্দু মজুমদার, প্রাবন্ধিক মফিদুল হক, আলোকচিত্রী নাসির আলী মামুন, চারুকলা অনুষদের পক্ষে ডিন আবুল বারক আলভীসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা শবাধারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ ছড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট, সর্বজনীন পূজা কমিটি, হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদ, বেঙ্গল ফাউন্ডেশন, ঢাকা আর্ট সেন্টার, মুক্তিযুদ্ধ জাদুঘর, গ্যালারি কসমস, জাতীয় জাদুঘরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জনোনো হয়। পুষ্পস্তবক নিবেদনের পর তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
চারুকলা অনুষদ থেকে মরদেহ আনা হয় তাঁর দীর্ঘদিনের কর্মস্মৃতিজড়িত শিল্পকলা একাডেমীতে। এখানে একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরীসহ কর্মকর্তা-কর্মচারীরা শবাধারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এখানেও পুষ্পাঞ্জলির পর এক মিনিট নীরবতা পালন করা হয়। এখান থেকে অন্ত্যেষ্টির জন্য মরদেহ আনা হয় সবুজবাগ শ্মশানঘাটে। অপরাহ্নে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ১১ জুলাই শুক্রবার বিকেল চারটায় ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে সুবীর চৌধুরীর স্মরণসভা ও পরদিন ১২ জুলাই ঢাকেশ্বরী মন্দিরে হবে শ্রাদ্ধানুষ্ঠান।
দেশের বিশিষ্ট শিল্পসংগঠক, বেঙ্গল গ্যালারির পরিচালক ও বেঙ্গল ফাউন্ডেশনের ট্রাস্টি সুবীর চৌধুরী মস্তিষ্কের শিরায় ক্যানসারে আক্রান্ত হয়ে গত ৩০ জুন অস্ট্রেলিয়ার সিডনিতে পরলোকগমন করেন। গত শুক্রবার সিডনি থেকে তাঁর মরদেহ ঢাকায় আনা হয়। সেদিন বেলা তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত বেঙ্গল গ্যালারিতে শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিসেবীরা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।