ফুসলিয়ে হাসপাতাল থেকে ক্লিনিকে, গৃহবধূর মৃত্যু
শরীয়তপুরে অনুমোদনহীন বেসরকারি একটি হাসপাতালে অনভিজ্ঞ লোকজন দিয়ে প্রসব করাতে গিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূর নাম মর্জিনা বেগম (৩৫)। নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর সেখানকার স্বাস্থ্য সহকারী ফারজানা আক্তার রোগীকে ফুসলিয়ে নিজের মালিকানাধীন মেঘনা হাসপাতালে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। সেখানেই গত বৃহস্পতিবার গৃহবধূর মৃত্যু হয়। গত শুক্রবার হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়েছে। নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পারিবারিক সূত্র জানায়, জেলার ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়নের ব্যাপারীকান্দি গ্রামের দুবাই-প্রবাসী লিটন ব্যাপারীর স্ত্রী মর্জিনা। স্বামী বিদেশে থাকায় তিনি নড়িয়ার উত্তর শালধ গ্রামে বাবার বাড়িতে থাকতেন। গত মঙ্গলবার সন্তান প্রসবের জন্য তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু উন্নত চিকিৎসার কথা বলে ফারজানা তাঁকে নিজের হাসপাতালে নেন। ১১ হাজার টাকা অগ্রিম নিয়ে গত বুধবার তাঁকে মেঘনা হাসপাতালে ভর্তি করা হয়। স্বাভাবিক প্রসবের চেষ্টা করা হলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই গৃহবধূ। এ সময় তাঁর বোন ও ভাবি তাঁকে অন্যত্র নেওয়ার চেষ্টা করেন। কিন্তু হাসপাতালের লোকজন তাঁদের সরিয়ে দিয়ে কক্ষে তালা লাগিয়ে দেন। গত বৃহস্পতিবার হাসপাতালের কথিত চিকিৎসক সোনিয়া রহমান, শাহারিয়া আহম্মেদ ও ফারজানা মিলে গৃহবধূর অস্ত্রোপচার করেন। কিন্তু সন্তান প্রসবের পর মর্জিনার আর জ্ঞান ফেরেনি। সন্ধ্যায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রেখে পালিয়ে যায় মেঘনা হাসপাতালের লোকজন। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে উত্তর শালধ গ্রামের ইউপি সদস্য খাদিজা বেগম ও শাহজাহান সিকদারকে খবর দেন। তাঁদের মাধ্যমে গৃহবধূর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। গত শুক্রবার দুপুরে মেঘনা হাসপাতালে গিয়ে কাউকে পাওয়া যায়নি। গৃহবধূর ভাশুর হারুন ব্যাপারী বলেন, ‘পুলিশ আমাকে ফোন করে থানায় ডেকে নেয়। পরে আমার কাছ থেকে লিখিত রেখে লাশ দাফনের জন্য দিয়ে দেয়।’ ফারজানা আক্তার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালটির অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। সিজার করার পর ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।’ নড়িয়া থানার উপপরিদর্শক কাজী কামাল হোসেন বলেন, ‘স্বজনদের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দিয়েছি। তা ছাড়া অভিযোগ না থাকায় মেঘনা হাসপাতালেও পুলিশ পাঠাইনি।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম ফারুক বলেন, ‘গৃহবধূর মরদেহ আমাদের এখানে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হতে পারে। মেঘনা হাসপাতালের অনুমোদন নেই। ওটার মালিক ফারজানা আক্তার, তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী।’ শুক্রবার সন্ধ্যায় হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।