ফেঁসে যাচ্ছেন দেলেনা বেগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধী গোলাম আযমের স্ত্রী সৈয়দা আফিফা আযমের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করার ঘটনায় স্থাপত্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী দেলেনা বেগমকে দোষী সাব্যস্ত করে প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি। যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা দেলেনা বেগম এখন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) আছেন।
এই ঘটনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালন ও পরিকল্পনা) এয়ার কমোডর মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি সম্প্রতি প্রতিবেদন জমা দিয়েছে।
সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের দপ্তরে জমা পড়া তদন্ত প্রতিবেদনে বলা হয়, যুগ্ম সচিব পদমর্যাদার দেলেনা বেগম গত ৭ এপ্রিল এক চিঠির মাধ্যমে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের অনুমতি চান। তাতে তিনি দুই আত্মীয়কে বিদায় জানাবেন বলে উল্লেখ করেন। প্রচলিত বিধান অনুযায়ী যুগ্ম সচিব বিমানবন্দরে ভিআইপি মর্যাদা পান এবং সঙ্গে দুজন দর্শনার্থী থাকতে পারে। বিধান অনুযায়ী, তিনি অনুমতি পান। এর পরদিন দেলেনা বেগম দুজন দর্শনার্থীসহ ভিআইপি লাউঞ্জে আসেন। কিন্তু তাঁর সঙ্গে যে গোলাম আযমের স্ত্রী ছিলেন, তা তিনি গোপন রাখেন। পরে অভিবাসন কর্মকর্তার কাছ থেকে সিভিল এভিয়েশনের নিরাপত্তাকর্মীরা বিষয়টি জানতে পারেন। পরে দেলেনা বেগম এ ঘটনায় দোষ স্বীকার করে বক্তব্য দেন।
দেলেনা বেগম দোষ স্বীকার করে যে লিখিত বক্তব্য দেন তাতে বলা হয়, তিনি ইচ্ছাকৃতভাবে জেদ্দাগামী তাঁর দুজন আত্মীয়ের নাম উল্লেখ না করে তাঁদের বিদায় জানাতে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের অনুমতি নেন। এঁদের একজন আফিফা আযম। অপরজন দেলেনা বেগমের মেয়ে (গোলাম আযমের পুত্রবধূ) তাসনিম আঞ্জুম। পরে তাঁদের নিয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করেন।
লিখিত বক্তব্যে দেলেনা বেগম বলেন, তাঁর এ ভুল ইচ্ছাকৃত, তবে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত ছিল না।
এ বিষয়ে সিভিল এভিয়েশনের দায়িত্বশীল কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন
কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এ বিষয়ে ইতিমধ্যে উচ্চ আদালত থেকে রুল জারি করা হয়েছে। তদন্ত প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।