ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন চলছে ভারপ্রাপ্তদের দিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের ১১ কর্মকর্তার পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এতে সংশ্লিষ্ট কার্যালয়গুলোর কাজ চলছে ভারপ্রাপ্তদের দিয়ে।উপজেলা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সহকারী কমিশনারের (ভূমি) পদ শূন্য রয়েছে। ২০০২ সালের ১০ অক্টোবর সহকারী কমিশনার (ভূমি) মো. আওলাদ হোসেন বদলি হয়ে গেলে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য থাকে। ২০০৯ সালের ২৫ অক্টোবর মো. রেজাই রাফিন সরকার সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন। একই বছরের ১২ নভেম্বর তিনি বদলি হয়ে গেলে পদটি আবারও শূন্য হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব পালন করে আসছেন। উপজেলার প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে ইউএনওরা ভূমি কার্যালয়ে পর্যাপ্ত সময় দিতে না পারায় নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।উপজেলা প্রকৌশলীর পদটি দীর্ঘদিন থেকে শূন্য রয়েছে। ২০০৪ সালের ১৯ এপ্রিল মো. আবদুল লতিফ বদলি হয়ে যাওয়ার পর থেকে ভারপ্রাপ্ত দিয়ে চলছে উপজেলা প্রকৌশলীর কাজ।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈয়দ মো. আজিম উদ্দিন ২০০৭ সালের ২০ নভেম্বরে বদলি হয়ে গেলে পার্শ্ববর্তী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব হিসেবে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মনোরঞ্জন চক্রবর্তী ২০০৯ সালে অবসরে গেলে পদটি শূন্য হয়ে পড়ে। বর্তমানে সহকারী মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূঁইয়া অতিরিক্ত দায়িত্ব হিসেবে মৎস্য কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছেন।উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম রুহুল আমিন প্রশিক্ষণের জন্য ঢাকায় অবস্থান করায় ২০১০ সালের ২ সেপ্টেম্বর থেকে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষা কর্মকতা রফিজ মিঞা।উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মেহেদী হাসান চলতি বছরের ৯ জানুয়ারি বদলি হয়ে গেলে জকিগঞ্জ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আইয়ুব আলী অতিরিক্ত দায়িত্ব হিসেবে ফেঞ্চুগঞ্জের দায়িত্ব পালন করে আসছেন।পরিসংখ্যান কর্মকর্তা মো. হুমায়ুন কবীর ২০০৩ সালের ২৮ মার্চ বদলি হয়ে গেলে ২০০৯ সালের ৯ জুন থেকে অন্য একজন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই দায়িত্ব পালন করে আসছেন।উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. আমজাদ হোসেন ২০০৯ সালের ৭ মে বদলি হয়ে গেলে বিশ্বনাথ উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. দানু মিয়া এই দায়িত্ব পালন করে আসছেন।উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাসির উদ্দীন ২০০৯ সালের ২৩ মে বদলি হয়ে গেলে পদটি শূন্য হয়ে পড়ে। বর্তমানে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা ননীভূষণ তালুকদার অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওই দায়িত্ব পালন করে আসছেন।২০০৯ সালে ২৮ জুন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের চৌধুরী বদলি হয়ে গেলে দক্ষিণ সুরমা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা অঞ্জন কুমার দেব এই দায়িত্ব পালন করে আসছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল কাদির ২০১০ সালের ১০ জুলাই বদলি হন। বর্তমানে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে রয়েছেন।ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ লুৎফর রহমান বলেন, উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের অধিকাংশ পদই ভারপ্রাপ্তদের দিয়ে চলছে। এতে প্রশাসনিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।