ফেঞ্চুগঞ্জ কারখানা থেকে নিম্নমানের সার সরবরাহের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে পরিবেশকদের (ডিলার) নিম্নমানের সার সরবরাহ করায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) সিলেট বিভাগীয় পরিবেশক কমিটির কর্মকর্তারা। গতকাল সোমবার কারখানার ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক ইসকান্দার আলীর সঙ্গে বৈঠক করে এ ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
পরিবেশকেরা অভিযোগ করেন, চীন থেকে আমদানি করা নিম্নমানের জমাট বাঁধা ইউরিয়া সার কৃষকদের সরবরাহ করা হয়েছে। কৃষকেরা এ সার ব্যবহার করে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবেশকেরা। কারখানা থেকে সরবরাহ করা সারের প্রতি বস্তায় ৫০ কেজি করে থাকার কথা থাকলেও বস্তাগুলো কাটাছেঁড়া থাকায় ৩০-৩৫ কেজির বেশি সার থাকে না।
কারখানা কর্তৃপক্ষ পরিবেশকদের অভিযোগগুলো খতিয়ে দেখে সমাধানের আশ্বাস দেন। কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইসকান্দার আলী বলেন, ‘আমাদের উৎপাদিত সারে পুরো চাহিদা মেটানো যায় না। তাই চীন থেকে আমদানি করা সার পরিবেশকদের সরবরাহ করে ঘাটতি পূরণের চেষ্টা করা হয়।’ তিনি স্বীকার করেন, আমদানি করা বস্তায় কিছু সার জমাট বেঁধে থাকতে পারে। এ সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে।