ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপের খনন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ও ভাটেরা ইউনিয়নে অবস্থিত ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপে খনন শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এই খননকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ১০ সেপ্টেম্বর খননের উদ্দেশ্যে ৫ নম্বর কূপে রিগ স্থাপন করা হয়।
এই কূপ খনন সফলভাবে সম্পন্ন হলে জাতীয় গ্রিডে দৈনিক ১৫ থেকে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্র সূত্রে জানা গেছে, জাতীয় তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্স মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ও ভাটেরা ইউনিয়নে অবস্থিত ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপে খননকাজ শুরু করেছে। ফেঞ্চুগঞ্জ ৪ ও ৫ নম্বর কূপ খনন প্রকল্পের আওতায় গতকাল বিকেল পাঁচটার দিকে খননকাজ উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক এম এ বাকী, মহাব্যবস্থাপক (খনন) শাহাবুদ্দিন, মহাব্যবস্থাপক (প্রকৌশল) ও প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান প্রমুখ। বর্তমানে প্রতিদিন ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপ থেকে ২০ মিলিয়ন ঘনফুট এবং ৪ নম্বর কূপ থেকে ১৯ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। ১ ও ২ নম্বর কূপ থেকে উৎপাদন বন্ধ রয়েছে।
ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রের খনন তত্ত্বাবধায়ক রেজাউল করিম বলেন, ‘আগামী ৯০ থেকে ১০০ দিনের মধ্যে ৫ নম্বর কূপের খননকাজ শেষ এবং উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে।’