ফেঞ্চুগঞ্জে আটটি সড়ক বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
িসলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ আটটি সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।  উপজেলা সদরের সড়কটি দীর্ঘদিন ধরে গর্তে ভরা। সম্প্রতি বন্যার পানিতে রাস্তাটি তলিয়ে গেলে অবস্থা আরও খারাপ হয়। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
িসলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ আটটি সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলা সদরের সড়কটি দীর্ঘদিন ধরে গর্তে ভরা। সম্প্রতি বন্যার পানিতে রাস্তাটি তলিয়ে গেলে অবস্থা আরও খারাপ হয়। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ আটটি সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা ও ভাঙাচোরা রাস্তা দিয়ে চলাচলে প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হচ্ছে উপজেলার প্রায় এক লাখ বাসিন্দাকে। দ্রুত এসব সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন বিয়ালীবাজার-ভাটেরা, মাইজগাঁও-পুরানবাজার, বিয়ালীবাজার-ঘিলাছড়া, চানপুর-বালাগঞ্জ, কটালপুর-পাঠানচক, উপজেলা সদর-ফেঞ্চুগঞ্জ রেলস্টেশন সড়ক এবং সওজ (সড়ক ও জনপথ) অধিদপ্তরের আওতাধীন পালবাড়ি-এনজিএফএফ ও ফেঞ্চুগঞ্জ বাজার-মাইজগাঁও সড়ক কয়েক বছর ধরে বেহাল। চলতি বন্যায় এসব রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে।
গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর-ফেঞ্চুগঞ্জ রেলস্টেশন সড়কের কার্পেটিং উঠে গেছে। ফেঞ্চুগঞ্জ বাজার-মাইজগাঁও রাস্তার কাসিম আলী উচ্চবিদ্যালয় ও সৈয়দ আফরোজ ফিরোজ একাডেমির সামনের অবস্থা খুবই নাজুক। বিভিন্ন অংশে পাথর ও ইটের খোয়া বেরিয়ে গেছে। স্থানে স্থানে রয়েছে ছোট-বড় বহু গর্ত। গত কয়েক দিন আগের বন্যার কারণে মাইজগাঁও-পুরান বাজার, বিয়ালীবাজার-ঘিলাছড়া সড়কও বেহাল হয়ে পড়েছে। এ সময় ভুক্তভোগী কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, সড়কগুলো ভাঙাচোরা হওয়ায় যানচালকেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে প্রায় দিনই চালক ও যাত্রীদের মধ্যে বাগ্বিতণ্ডা হচ্ছে। উপজেলার রাজনপুর গ্রামের গোলাম মোস্তফা বলেন, রাস্তাগুলোর বেহাল অবস্থা দেখার যেন কেউ নেই। একই গ্রামের বাসিন্দা গৃহবধূ সামিনা আক্তার বলেন, ‘চলাচলের সময় আতঙ্কে থাকি। মনে হয়, এই বুঝি গাড়ি উল্টে পড়ে যাচ্ছি!’
সৈয়দ রিয়াছত আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল গালিত বলেন, রাস্তা খারাপের অজুহাত দেখিয়ে চালকেরা দ্বিগুণ-তিন গুণ বেশি ভাড়া দাবি করেন। অনেকটা নিরুপায় হয়ে যাত্রীদের অতিরিক্ত টাকা ভাড়া হিসেবে গুনতে হচ্ছে। ফেঞ্চুগঞ্জ বাজারের ব্যবসায়ী দিনার আহমদ শাহ বলেন, সড়কগুলো দীর্ঘদিন ধরে খারাপ ছিল। সম্প্রতি প্লাবিত হওয়ায় অনেক রাস্তাই এখন চলাচলের পুরোপুরি অনুপযোগী হয়ে পড়েছে।
১ নম্বর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিরুল ইসলাম বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকার গ্রামীণ রাস্তাগুলো দীর্ঘদিন ধরেই ভাঙাচোরা অবস্থায় রয়েছে। এসব রাস্তা মেরামতের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে দীর্ঘদিন ধরে বলে আসছি। জরুরি ভিত্তিতে এসব রাস্তা সংস্কার করা প্রয়োজন।’
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ভাঙাচোরা সড়কগুলোর সংস্কারকাজ শুরু হবে।
এলজিইডির ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রকৌশলী জিহান আল তুহিন বলেন, বৃষ্টির মৌসুম শেষ হলে পর্যায়ক্রমে রাস্তাগুলোর সংস্কারকাজ করা হবে।
সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম বলেন, বন্যার কারণে জেলার অধিকাংশ গ্রামীণ রাস্তাই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব রাস্তা সংস্কারের জন্য মন্ত্রণালয়ে বিশেষ বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত সংস্কার করা হবে।