ফেঞ্চুগঞ্জে এইচএসসি উত্তীর্ণ ছাত্র ও ভাইকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জে এইচএসসি উত্তীর্ণ ছাত্র ও তাঁর ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় ফেঞ্চুগঞ্জ সার কারখানা বাজারে এ ঘটনা ঘটে। নিহত দুই সহোদর হচ্ছেন মোহামঞ্চদ শাহিন (১৮) ও তাঁর বড় ভাই মোহামঞ্চদ শামীম (২২)। শাহিন ও শামীম ফেঞ্চুগঞ্জ কচুয়া বহর গ্রামের সানু মিয়ার ছেলে। তাঁদের মধ্যে মোহামঞ্চদ শাহিন গতকাল প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলে এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হন। তিনি ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ থেকে বাণিজ্য বিভাগে পরীক্ষা দিয়েছিলেন। তাঁদের মূল বাড়ি পাশের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার জাদেরগুল গ্রামে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শাহিন ও শামীম গতকাল রাত ১০টার দিকে বাজার এলাকায় গিয়ে কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ১০ থেকে ১২ জন সশস্ত্র যুবক ‘ধর ধর’ বলে তাঁদের ওপর হামলা করেন। রামদা ও দা উঁচিয়ে হামলাকারীরা শাহিন ও শামীমকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যান। এ সময় দুই ভাইকে উদ্ধার করতে গিয়ে তমাল (২২) নামের তাঁদের এক বন্ধু আহত হন। প্রত্যক্ষদর্শী কয়েকজন গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহিন ও শামীমকে মৃত ঘোষণা করেন। রাত সাড়ে ১১টায় যোগাযোগ করলে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শফিকুল আলম জানান, এলোপাতাড়ি কোপানোয় অতিরিক্ত রক্তক্ষরণে শাহিন ও শামীম মারা যান। আহত তমালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারীরা স্থানীয় এক আওয়ামী লীগ নেতার প্রভাবে শাহিন ও শামীমের ওপর অতর্কিতে হামলা চালান। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হামলা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে রাতেই পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান ফেঞ্চুগঞ্জ থানার ওসি সহিদুর রহমান। তিনি বলেন, হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।