ফেঞ্চুগঞ্জে জোড়া খুনের মামলা সিআইডিতে
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় শামীম খান (২০) ও শাহীন খান (১৮) নামের দুই সহোদর খুনের মামলাটি সিআইডিতে পাঠানো হয়েছে।
মামলার প্রধান আসামিসহ কয়েকজন আসামিকে বাদ দিয়ে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক আবদুল হাই। পরে বাদী নারাজি আবেদন করেন। শুনানি শেষে গত বৃহস্পতিবার সিলেটের ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম আবদুর কাদের মামলাটি তদন্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানোর আদেশ দেন।
মামলার বাদী ও আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২ মার্চ মামলার প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রউফ, তাঁর ভাগনে শাকিল মিয়াসহ কয়েকজন আসামিকে বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
গত বছরের ৩ আগস্ট রাতে ফেঞ্চুগঞ্জ সার কারখানা বাজারে রউফের ছেলে আসাদুর রহমানের নেতৃত্বে ১০-১২ জনের সন্ত্রাসী শামীম ও শাহীনকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ ওঠে।