ফেঞ্চুগঞ্জে তরুণী ধর্ষণের শিকার, তিনজন গ্রেপ্তার
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী (১৮)। গত রোববার দুপুরে মাইজগাঁও-কুলাউড়া সড়কের কালাকাটি এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় লোকজন প্রেমিক আবুল কালাম ও তাঁর দুই সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় ওই তরুণী ওই তিন ব্যক্তির বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা করেছেন। এজাহার সূত্রে জানা গেছে, মুঠোফোনে আবুল কালামের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রোববার দুপুরে আবুল কালামের সঙ্গে দেখা করতে যান তিনি। পরে আবুল কালাম তাঁকে নিরিবিলি স্থানে কথা বলার জন্য ব্যক্তিগত একটি গাড়িতে (প্রাইভেট কার) তুলে মাইজগাঁও-কুলাউড়া সড়কের কালাকাটি এলাকায় নিয়ে যান। সেখানে নিয়ে তিনি তাঁকে ধর্ষণ করেন। এ সময় আবুল কালামের দুই সহযোগী তাঁকে সহযোগিতা করেন। বিকেলে বাড়ির কাছে আসার পর গাড়ি থেকে নামেন ওই তরুণী। এ সময় তাঁকে কান্নারত অবস্থায় দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে তিনি তাঁদের কাছে ঘটনা খুলে বলেন। এরপর স্থানীয় লোকজন আবুল কালাম এবং তাঁর দুই সহযোগী মুন্না ও জুয়েল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আবুল কালামের বাড়ি কুলাউড়া উপজেলার বরমচালের শ্রীপুর গ্রামে। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহামান বলেন, এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে আবুল কালাম ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে মামলা করেছেন। তাঁর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আলামত হিসেবে গাড়িটিও জব্দ করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। গতকাল সোমবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।