ফেঞ্চুগঞ্জে ত্রাণের জন্য হাহাকার
ঘরের ভেতর ঊরুসমান পানি থইথই করছে। পানিতে ভাসছে সাপ-জোঁক-মাছ। মেঝেতে ইট-কাঠ ফেলে কোনো রকমে চলাচলের অস্থায়ী রাস্তা দিয়েই ঝুঁকি নিয়ে খেলাচ্ছলে এ-ঘর থেকে ও-ঘর যাচ্ছে দুই ভাই আমিনুল (১২) ও আরিফুল (১১)। খাটে বসে ভাত খেতে খেতে দুই সন্তানকে এভাবে চলাচল করতে বারবার নিষেধ করছিলেন চল্লিশোর্ধ্ব সেলিম আহমদ।
পানির ওপর দাঁড়িয়ে অন্য একটি কক্ষে রান্নারত সেলিমের স্ত্রী রুমেনা বেগম ১০ মাস বয়সী মেয়ে তানহাকে কোলে নিয়ে সেই ভাসমান রাস্তা দিয়ে পা টিপে কোনোমতে স্বামীর খাওয়ার কক্ষে ঢোকেন। সঙ্গে শাড়ির আঁচল ধরে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া বড় মেয়ে তামান্না বেগমও হাজির হয়। রুমেনা স্বামীর পাতে আলুর ঝোল তুলে দেন। পেশায় রাজমিস্ত্রি সেলিম বলেন, ‘এক মাস ধরে পানিবন্দী থাকায় রুজিরোজগারও বন্ধ। সরকারি-বেসরকারি কোনো ত্রাণও পাচ্ছি না। কেবল আলুর ঝোল খাইয়া থাকতাছি। জমানো চালও শেষ। এখন ছেলেমেয়েরারে যে কী খাওয়াইমু, সে চিন্তায় অস্থির।’
সেলিমের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের গয়াসী গ্রামে। গতকাল শুক্রবার বেলা দেড়টায় তাঁর বাড়িসহ ওই গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের অন্তত ৪০টি ঘরে বন্যার পানি ঢুকেছে। সব মিলিয়ে গ্রামের ১২০টি পরিবারের মধ্যে কমপক্ষে ৮০টি বাড়ি ও উঠোনে পানি ঢুকেছে। বানভাসি এসব মানুষের অভিযোগ, সপ্তাহখানেক আগে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন। তখন ১৫ থেকে ১৮টি পরিবারের মধ্যে আট কেজি করে চাল দেওয়া হয়েছিল। যদিও এটি প্রয়োজনের তুলনায় খুবই কম। এর বাইরে প্রয়োজন সত্ত্বেও অন্যরা ত্রাণ সহায়তা পাননি। তাই গ্রামে ত্রাণের জন্য এখন হাহাকার চলছে।
কৃষক আবদুর রাজ্জাক (৫৫) বলেন, বন্যায় বসতঘরের পাশাপাশি তাঁর গোয়ালঘরটিও ডুবে গেছে। তাই তিনটি গরু তিনি পাশের মোগলপুর গ্রামে এক স্বজনের বাড়িতে রেখে এসেছেন। ত্রাণ না পাওয়ায় কিছুদিন ধরেই পেট পুরে খেতে পারছেন না। একই গ্রামের পঞ্চাশোর্ধ্ব বিধবা আলতা বেগমও ত্রাণ না পাওয়ার অভিযোগ জানালেন।
কয়েক দিন আগে আট কেজি করে চাল পেলেও সেটি দুই দিনের মধ্যেই শেষ হয়ে গেছে জানিয়ে গয়াসী গ্রামের জ্ঞান বিশ্বাস (৫৫) ও তাঁর স্ত্রী শোভা বিশ্বাস (৪০) বলেন, পানিবন্দী হওয়ায় আয়-রুজি বন্ধ। সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে পর্যাপ্ত ত্রাণ সহায়তা না দেওয়ায় তাঁদের খাবার জোটাতে সমস্যা হচ্ছে। গ্রামের বাসিন্দা ও ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের স্নাতকের (পাস) ছাত্র সুমন বিশ্বাস বলেন, গ্রামের অভ্যন্তরীণ রাস্তাগুলো তলিয়ে যাওয়ায় নৌকা ছাড়া এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়া যাচ্ছে না।
বেলা সোয়া একটার দিকে গ্রামের গৃহিণী শিখা রানী বিশ্বাসসহ (৩৫) আরও কয়েকজন গৃহিণী, পুরুষ ও শিশুকে নৌকাযোগে দূরের একটি পাড়া থেকে বিশুদ্ধ খাবার পানি নিয়ে আসতে দেখা যায়। শিখা বলেন, গ্রামের ৩০টি নলকূপের মধ্যে বেশির ভাগই ডুবে থাকায় বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এর বাইরে পর্যাপ্ত ত্রাণের অভাবে গ্রামটিতে খাবারের জন্য হাহাকার শুরু হয়েছে।
গতকাল সরেজমিনে দেখা গেছে, উপজেলার গয়াসী ও বাঘমারা গ্রামের আশপাশের বৈদ্যুতিক খুঁটিগুলো হেলে পড়েছে। বৈদ্যুতিক তার ঝুলে গিয়ে পানির ওপর পড়েছে। তবে বিদ্যুৎ বিভাগ দুর্ঘটনা এড়াতে বন্যা শুরু হওয়ার পরপরই সেসব সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। তবে চর্মরোগ, জ্বর, ডায়রিয়াসহ নানা রোগব্যাধি ছড়িয়ে পড়লেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমকে গতকাল বেলা আড়াইটা পর্যন্ত গয়াসী ও বাঘমারা গ্রামে দেখা যায়নি।
বাঘমারা গ্রামের মো. হেলালের (৩৮) অভিযোগ, মুখ চিনে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। প্রকৃত দুস্থ ও গরিব ব্যক্তিরা ত্রাণ সহায়তা পায়নি। এ অভিযোগ গ্রামের মৎস্যজীবী সালাম মিয়া (৩০), চুনু মিয়া (৪৫) ও বালাই মিয়ারও (৪৫)। গ্রামের গৃহিণী মেওয়া বেগম বলেন, তাঁর পঙ্গু স্বামী উপজেলা সদরের বাজারে গিয়ে ভিক্ষা করতেন। তিনি নিজেও মানুষের বাড়িতে কাজ করতেন। কিন্তু এখন পানিবন্দী হয়ে পড়ায় তাঁরা এক মাস ধরে কোনো কাজকর্ম করতে পারছেন না। ঘরে জমানো টাকা কিংবা চাল না থাকায় তাঁরা দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে বিপাকে পড়েছেন। তাঁরা এক বেলা খাচ্ছেন তো আরেক বেলা খাচ্ছেন না বলে জানান।
গয়াসী ও বাঘমারা গ্রাম ছাড়াও গতকাল দিনভর ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইরটিকর, গুচ্ছগ্রাম, উপজেলা সদর, মানিককোনা, বেলকোনা, সুলতানপুর, গঙ্গাপুর, লামা গঙ্গাপুর, পশ্চিম বাঘমারা গ্রামগুলোর আশপাশে নৌকাযোগে ঘুরে দেখা গেছে, প্রায় সব কটি গ্রামের অধিকাংশ নলকূপ ও টয়লেট বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। ঘরে পানি ঢুকে পড়ায় অনেকে মাচা বেঁধে বসবাস করছে। টয়লেটগুলো ডুবে যাওয়ায় বিশেষ করে নারীদের সমস্যা হচ্ছে বেশি। তাই অনেক নারী রাতের বেলায় খোলা আকাশের নিচে প্রাকৃতিক কাজ সারছেন।
ত্রাণ সহায়তার অপ্রতুলতার বিষয়ে জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার প্রথম আলোকে বলেন, সিলেটে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ দেওয়া হচ্ছে। তাই ত্রাণের জন্য হাহাকার রয়েছে, এমনটা বলা যাবে না। তবে কী কারণে ফেঞ্চুগঞ্জ উপজেলার গয়াসী ও বাঘমারা গ্রামে বানভাসি মানুষ ত্রাণ-সংকটের কথা বললেন, সেটি খোঁজ নেওয়া হবে। জেলা প্রশাসক আরও বলেন, ফেঞ্চুগঞ্জে প্রকৃত বন্যার্ত কেউ ত্রাণ সহায়তার বাইরে থাকলে অবশ্যই তাঁদের সেই সুবিধার ভেতরে নিয়ে আসা হবে। এ ছাড়া উপজেলার সব কটি দুর্গত এলাকায় যেন মেডিকেল টিম চিকিৎসা সহায়তা দেয়, সেটিও নিশ্চিত করা হবে বলে তিনি জানিয়েছেন।