ফেঞ্চুগঞ্জে নদী দখল করে উঠছে ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী দখল করে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। প্রভাবশালী ব্যক্তিরা নদী দখল করে ভবনের নির্মাণকাজ অব্যাহত রাখলেও তা বন্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। পরিবেশবাদীদের অভিযোগ, প্রশাসনের সঙ্গে আঁতাত করে নদী দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে।স্থানীয় ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, মাস দুয়েক আগে ফেঞ্চুগঞ্জ থানা সড়কসংলগ্ন কুশিয়ারা নদীর তীরে স্থানীয় মোস্তাক হোসেন চৌধুরী, কাজী শাহীন আহমদ ও প্রবাসী কলিন মিয়া যৌথভাবে ছত্তিশ মৌজার এক নম্বর খতিয়ানের ৫০০ ও ৫০১ নম্বর দাগের তাঁদের ভূমিসহ নদীর জায়গা দখল করে বহুতল ভবনের নির্মাণকাজ শুরু করেন।গত ২১ নভেম্বর স্থানীয় লোকজন নদী দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেন। ২ ডিসেম্বর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় নদী দখল করে ভবন নির্মাণের বিষয়টি নিয়ে আলোচনা শেষে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) তদন্ত করে প্রতিবেদন প্রদান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ভূমি কার্যালয়ের কর্মকর্তারা নির্মাণাধীন ভবনের ভূমি জরিপ করে নদীর প্রায় ১০ শতাংশ জায়গা দখলের সত্যতা পান।৬ ডিসেম্বর সরেজমিনে দেখা গেছে, কুশিয়ারা নদীর তীরে বহুতল ভবনের নির্মাণকাজ চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক নির্মাণশ্রমিকেরা জানান, ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ চলে। তাঁদের দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে।বাজারের ব্যবসায়ী আমিন আহমদ জানান, তাঁরা প্রভাবশালী। ক্ষমতা আছে বলেই তো নদী দখল করে বিল্ডিং বানাচ্ছেন। স্থানীয় পরিবেশবাদী সংগঠন চেতনার সভাপতি মামুনুর রহমান বলেন, নদী দখলের কারণে বর্ষা মৌসুমে নৌপথে যান চলাচলে বাধাগ্রস্ত হবে। নদী দখলের অশুভ প্রতিযোগিতা শুরু হবে।নির্মাণাধীন বহুতল ভবনের অন্যতম মালিক মোস্তাক হোসেন চৌধুরী বলেন, পাইলিং করে ভবন নির্মাণ করায় নদীভাঙন রোধ হবে। নদী দখল করে ভবন নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পেছনে কিছু জায়গা ছিল, তা কাজে লাগিয়েছি।’ যোগাযোগের চেষ্টা করেও ভবনের বাকি দুজন মালিককে পাওয়া যায়নি।এ বিষয়ে কথা বলতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দুররে শাহওয়াজের মুঠোফোনে কল দিলে তিনি ফোন ধরেননি। ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন সহকারী কর্মকর্তা (ভূমি) আবুল কালাম বলেন, ‘আমরা জায়গা মেপে নদী দখলের সত্যতা পেয়েছি। সেখানে নদীর প্রায় ১০ শতাংশ জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। ভবনের কাজ বন্ধ করতে মৌখিকভাবে নির্দেশ দিয়েছি। লিখিতভাবে নির্দেশ দেওয়া হবে।’ইউএনও মুহামঞ্চদ লুৎফর রহমান বলেন, ‘ভূমি কার্যালয় থেকে এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন পাইনি। প্রতিবেদনে নদী দখলের সত্যতা পেলে নদী অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হবে।’