ফেঞ্চুগঞ্জে বাংলোয় ডাকাতি, আটক ৩
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মনিপুর চা-বাগানের সহকারী ব্যবস্থাপকের বাংলোয় গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।পুলিশ ও ডাকবাংলো সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ১২-১৪ জনের সশস্ত্র ডাকাত দল বাংলোর দুই নৈশপ্রহরীর হাত-পা বেঁধে ফেলে। পরে বাংলোর দরজার ছিটকিনি ভেঙে তারা ভেতরে ঢোকে। ডাকাতেরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার, ১৭ হাজার টাকা ও তিনটি মুঠোফোন নিয়ে যায়। এ সময় ডাকাতদের আঘাতে সহকারী ব্যবস্থাপক আজমল হোসেনের বাবা আবুল হোসেন মজুমদার (৬৫) আহত হন।কয়েক ঘণ্টা পর ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ফেঞ্চুগঞ্জ সার কারখানাসংলগ্ন খাসমহল এলাকার সাঁওতাল বস্তি থেকে তিনজনকে আটক করে পুলিশ।এর আগে ৬ মে উপজেলার কায়স্থ গ্রামে একই রাতে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়।ফেঞ্চুগঞ্জ থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল গণি গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া আজমল হোসেন বাদী হয়ে ডাকাতির মামলা করেছেন।