ফেঞ্চুগঞ্জে বাড়িতে আগুন লাগানোর অভিযোগ
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুরে গত বুধবার রাতে একটি বাড়িতে আগুনে ঘরের মালামাল পুড়ে গেছে। গৃহকর্তা অভিযোগ করেছেন, গ্রামের কয়েকজন তাঁর ঘরে আগুন দিয়েছেন।বাড়ির মালিক আবদুল অভিযোগ করেন, বুধবার রাতে একই গ্রামের রাজন মিয়ার নেতৃত্বে রেণু মিয়া, লোকমান আলী ও রেজান আলী তাঁর ঘরের দরজায় আঘাত করেন। তিনি ঘর থেকে বের হওয়ার পর রাজন সবাইকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন এবং এরপর ঘরে আগুন ধরিয়ে দেন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু রাজন, রেণু মিয়া, লোকমান আলী ও রেজান আলী আগুন নেভাতে বাধা দেন। বাধার কারণে আগুন নেভানো সম্ভব হয়নি।এ ঘটনায় গত বৃহস্পতিবার মজিদ মিয়া ফেঞ্চুগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।তবে আগুন লাগানোর অভিযোগ অস্বীকার করে রাজন মিয়া প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে মজিদ আমাদের জায়গায় বসবাস করছেন। আমরা তাগিদ দিয়েছি জায়গা ছাড়ার। কিন্তু তিনি জায়গা ছেড়ে দেননি। আগুন কারা দিয়েছে আমরা জানি না।’ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল গনি বলেন, মজিদ একটি লিখিত অভিযোগ দায়ের করার পর আবার প্রত্যাহার করে নিয়েছেন। শুনেছি তাঁদের মধ্যে মীমাংসা হয়েছে।