ফেঞ্চুগঞ্জে বিদ্যুতের কর্মচারী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বাবুল চৌধুরী (৫২) নামের বিদ্যুতের এক কর্মচারী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন।
বাবুল পাওয়ার গ্রিড কোম্পানির ফেঞ্চুগঞ্জের ১৩২ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছের দলাইরপার গ্রামে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সার কারখানা বাজার থেকে গত মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে বাবুল হেঁটে বাসায় ফিরছিলেন। ওয়াবদা মসজিদের কাছাকাছি পৌঁছালে সড়কের পাশে ওত পেতে থাকা দুর্বৃত্তরা বাবুলের নাকেমুখে বালু ছুড়ে মারে। এ সময় পেছন থেকে দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বাবুলকে উদ্ধার করে প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
নিহত বাবুলের স্ত্রী শামসুন্নাহার চৌধুরী বলেন, ‘আমার স্বামীর ওপর কীভাবে হামলা করা হয়েছে, তা তিনি আহতাবস্থায় বলে গেছেন। কারও সঙ্গে আমাদের কোনো বিরোধ ছিল না। তিনি পারিবারিক বিষয় ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কথা বলা পছন্দ করতেন না।’