ফেঞ্চুগঞ্জে বেহাল সড়ক, জনদুর্ভোগ
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরের বিভিন্ন সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না করায় পথচারীরা মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, উপজেলা সদরের ফেঞ্চুগঞ্জ-মাইজগাঁও সড়ক, পুরানবাজার-মাইজগাঁও সড়ক, পালবাড়ী-জেটিঘাট সড়ক বেহাল। সড়কগুলোর বিভিন্ন অংশ খানাখন্দে ভরা। সরেজমিনে দেখা যায়, তিন কিলোমিটার দীর্ঘ ফেঞ্চুগঞ্জ-মাইজগাঁও সড়কের বিভিন্ন অংশে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় সড়কের কার্পেটিং নষ্ট হয়ে গেছে। সড়কের উপজেলা প্রাণীসম্পদ হাসপাতাল, সৈয়দ আফরোজ ফিরোজ একাডেমি ও কাসিম আলী উচ্চবিদ্যালয়ের সামনে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে গর্তে পানি জমে থাকে।
ফেঞ্চুগঞ্জের সঙ্গে কুলাউড়া ও রাজনগর উপজেলার যোগাযোগের অন্যতম পথ পুরানবাজার-মাইজগাঁও সড়ক। এ সড়ক দিয়ে ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ, মোশাহিদ আলী মহিলা মাদ্রাসার ছাত্রী ও ফেঞ্চুগঞ্জ সার কারখানার কর্মকর্তা-কর্মচারীরা চলাচল করে থাকেন। এ সড়কের বিভিন্ন অংশেগর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে পুরান বাজার ও মাইজগাঁও রেলক্রসিংয়ের সামনে গর্ত তৈরি হয়েছে। এ সড়ক দিয়ে চলাচলকারী গাড়ি ঝুঁকি নিয়ে চলাচল করে। বেহাল সড়কের অজুহাতে যানবাহনের চালকেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।
ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র সৈয়দ তায়েফুজ্জামান বলেন, ভাড়া নিয়ে প্রায় প্রতিদিনই চালকদের সঙ্গে ঝগড়াঝাঁটি করতে হয়।
এদিকে দীর্ঘদিন ধরে সংস্কার না করায় পালবাড়ী-জেটিঘাট সড়কের বিভিন্ন অংশেও ভাঙন দেখা ঃদিয়েছে। এ সড়ক দিয়ে বালাগঞ্জ উপজেলার লোকজন ফেঞ্চুগঞ্জ উপজেলায় যাতায়াত করে থাকেন। সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় বৃষ্টি হলে পানি জমে থাকে।
ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিরুল ইসলাম বলেন, সড়কগুলোর অবস্থা খুব খারাপ। দীর্ঘদিন ধরে সড়কগুলো সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
উপজেলা প্রকৌশলী জিহান আল তুহিন বলেন, শিগগিরই সড়কগুলোর সংস্কারের কাজ শুরু হবে।