ফেঞ্চুগঞ্জে ‘দেবতাঘরে’ দুষ্কৃতকারীদের আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় সংখ্যালঘু পরিবারের একটি ‘দেবতাঘরে’ গত বৃহস্পতিবার রাতে দুষ্কৃতকারীরা আগুন দিয়েছে। আগুনে পূজার উপকরণসহ দেব-দেবীর ছবি পুড়ে গেছে। এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, উপজেলার লামা গংগাপুরের নৃপেন্দ্র বিশ্বাসের বাড়ির পাকা ঘরে সদস্যরা পূজা-অর্চনা করেন। বৃহস্পতিবার সন্ধ্যায়ও সেখানে প্রার্থনা করা হয়। পরে ঘরের ছিটকিনি আটকে দেওয়া হয়। সকালে উঠে ওই ঘরের দরজা খোলা এবং ভেতরে দেব-দেবীর ছবি ও পূজার উপকরণ পোড়া অবস্থায় পাওয়া যায়। গতকাল শুক্রবার গৃহকর্তা নৃপেন্দ্র বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আমরা কাউকে ওই দেবতাঘরে আগুন লাগাতে দেখিনি। তবে এটি দুর্ঘটনাজনিত আগুন নয়। ওই ঘরে আগুন লাগার কোনো সুযোগ নেই। গভীর রাতে দুষ্কৃতকারীরা দেবতাঘরে আগুন দেয়। এ ঘটনায় গ্রামের লোকজন আলোচনায় বসবে।’ ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহামঞ্চদ সহিদুর রহমান প্রথম আলোকে বলেন, মৌখিক কিংবা লিখিতভাবেও ঘটনাটি তাঁদের জানানো হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।