ফেডারেল রিজার্ভ ব্যাংকের কার্যক্রম তদন্তে কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক নিউইয়র্কে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি মার্কিন ডলার চুরি যাওয়ার পরিপ্রেক্ষিতে ওই ব্যাংকের কার্যক্রম নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন কংগ্রেস। কংগ্রেসের হাউস সায়েন্স কমিটির চেয়ারম্যান ল্যামার স্মিথ তদন্তের জন্য প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে একটি চিঠি দিয়েছেন ওই ব্যাংকের চেয়ারম্যান উইলিয়াম ডুডিলকে।
কংগ্রেসের কমিটি ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের হিসাবের বিষয়ে সব ‘কাগজপত্র ও যোগাযোগের নথি’ চেয়ে পাঠিয়েছে। সুইফট সিস্টেমের তদারকিতে ব্যাংকটি কী ধরনের কাজ করেছে, তা-ও জানতে চেয়েছে কমিটি।
কমিটি চেয়ারম্যান ল্যামার স্মিথ চিঠিতে লিখেছেন, ‘আমাদের বৈশ্বিক আর্থিক ব্যবস্থাপনায় সাম্প্রতিক সময়ে সাইবার হামলা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে কমিটি মনে করে, ফেডারেল ব্যাংকের কাছ থেকে আমাদের জানা দরকার, সুইফট সিস্টেমের তদারকির বিষয়ে তাদের কার্যক্রম কেমন ছিল। এ ধরনের ঝুঁকি নিরসনে কী ব্যবস্থা নেওয়া যায়, তা নির্ধারণ করতেও এটি জানা দরকার।’
চিঠিতে আরও বলা হয়, ‘যারা এ ঘটনায় দোষী, তাদের বিচারের সম্মুখীন করা খুবই গুরুত্বপূর্ণ। আজ পর্যন্ত তদন্তকারীরা এ বিষয়ে কোনো অগ্রগতির খবর জানাতে পারেনি।’