চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কাভার্ড ভ্যান ও কারে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে চারজনকে। গতকাল বুধবার ভোর সাড়ে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগাহাট এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে র্যা বের একটি দল গাড়ি দুটিতে তল্লাশি চালায়।
আটক চারজন হলেন মোতাহের হোসেন (৩০), মো. রবিউল হাসান (১৯), মো. জাকির হোসেন (৩৫) ও খোকন মিয়া (৩৫)। প্রথম দুজন কারে ছিলেন।
র্যা ব জানায়, কুমিল্লা থেকে একটি কাভার্ড ভ্যান ও গাড়িতে করে ফেনসিডিলের একটি চালান চট্টগ্রামের দিকে যাচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে বড় দারোগাহাট এলাকায় তল্লাশিচৌকি বসানো হয়। পরে দুটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যা ব-৭-এর ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়েত জামিল ফাহিম প্রথম আলোকে বলেন, কার ও গাড়ি জব্দ করা হয়েছে। ফেনসিডিলসহ আটক চারজনকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।