ফেনসিডিল কেনাবেচার দায়ে নারীকে যাবজ্জীবন
ফেনসিডিল কেনাবেচার দায়ে পিরোজপুরে নার্গিস বেগম (৩৭) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ইয়াবা বড়ি কেনাবেচার দায়েও ওই নারীকে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
নার্গিস বেগম সদর উপজেলার দক্ষিণ রানীপুর গ্রামের বাসিন্দা।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৪ নভেম্বর সকালে পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল জানতে পারে, সদর উপজেলার বাদুরা গ্রামের মল্লিক বাড়ি–সংলগ্ন সেতু এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নার্গিস বেগমকে আটক করে। এ সময় নার্গিসের সঙ্গে থাকা ব্যাগে সুপারির নিচে লুকিয়ে রাখা ৪০ বোতল ফেনসিডিল ও কোমরে লুকিয়ে রাখা ৫৫টি ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ। নার্গিসকে গ্রেপ্তারের পর তিনি জানান, তাঁর সঙ্গে সদর উপজেলার হারণা গ্রামের বাহাদুর শেখ মাদক ব্যবসায় জড়িত রয়েছেন।
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাচনাইন পারভেজ বাদী পিরোজপুর সদর থানায় দুজনকে আসামি করে মামলা করেন। ওই বছরের ৯ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল হাওলাদার দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দেন। রায় ঘোষণার সময় নার্গিস বেগম ও বাহাদুর শেখ উপস্থিত ছিলেন। বাহাদুরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন। আসামিপক্ষে ছিলেন আহসানুল কবির।