ফেনসিডিল পান করে একজনের মৃত্যু
ফেনসিডিল পান করে হোটেল ব্যবসায়ী আনছার আলীর (৫০) মৃত্যু হয়েছে। শনিবার রাত আটটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।মৃত আনছার আলী সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার বাসিন্দা। তিনি সুলতানপুর এলাকার একটি হোটেলের মালিক। অসুস্থ ব্যক্তির নাম আতাবুল ইসলাম (৩২)। তাঁর বাড়ি শহরের পুরাতন সাতক্ষীরায়।পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে পুরাতন সাতক্ষীরার মাংস বিক্রেতা আতাবুল ইসলাম শহরের সুলতানপুর এলাকার একটি হোটেলের পেছনে বসে ফেনসিডিল পান করেন। তাঁর বোতল থেকে হোটেলমালিক আনছার আলীও ফেনসিডিল পান করেন। এর পরপরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা দুজন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য যান। রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় আনছার আলী মারা যান। অসুস্থ আতাবুল ইসলাম এখন সদর হাসপাতালে চিকিৎসাধীন। সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ আরিফ আহমেদ জানান, ধারণা করা হচ্ছে, ফেনসিডিলের সঙ্গে কোনো ধরনের বিষাক্ত পদার্থ মিশ্রিত ছিল। চিকিৎসাধীন আতাবুলের অবস্থাও সংকটাপন্ন।