ফেনসিডিল বহন করলেও সোর্স হওয়ায় রেহাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই মোটরসাইকেলে ছিলেন দুজন। পেছনে বসা ব্যক্তির কাঁধে ছিল স্কুলব্যাগ। পুলিশ মোটরসাইকেলটি থামালে তিনি ব্যাগ ফেলে পালান। ধরা পড়েন চালক। ব্যাগে পাওয়া যায় ফেনসিডিল। এরপর মামলায় কেবল ওই চালককেই আসামি করা হয়েছে। পুলিশ বলছে, পালিয়ে যাওয়া ব্যক্তিটি পুলিশের ‘সোর্স’ (তথ্যদাতা)।

রাজশাহীর বাঘা থানায় গত রোববার সকালে এ ঘটনা ঘটে। আটক হওয়া ব্যক্তির নাম আমিরুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার আলাইপুর গ্রামের আজিমউদ্দিনের ছেলে। পালিয়ে যাওয়া ইব্রাহিমের (৩৩) বাড়িও একই গ্রামে।

বাঘা থানার ওসি আলী মাহমুদ বলেন, দৌড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিটি পুলিশের ‘সোর্স’। তাঁর দেওয়া তথ্যের কারণেই মোটরসাইকেলটি আটকানো সম্ভব হয়েছে। তাই তাঁকে মামলায় আসামি করা হয়নি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল সাতটার দিকে বাঘার আমোদপুর গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিল মোটরসাইকেলটি। পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়ে সেটি থামায়। এ সময় পেছন থেকে লাফ দিয়ে ইব্রাহিম পালিয়ে যান। আর আমিরুল ঝাঁপ দেন পাশের পুকুরে। পরে পুলিশ তাঁকে ধরে ফেলে। তাঁর সঙ্গে থাকা স্কুলব্যাগে ৪০ বোতল ফেনসিডিল ছিল বলে জানায় পুলিশ। গত রোববার দুপুরে আমিরুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।