ফেনসিডিল বহনকারী চাকরিচ্যুত কনস্টেবলের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে ফেনসিডিল বহনের অভিযোগে ইফতেখার রহমান (৩৩) নামের পুলিশের চাকরিচ্যুত এক কনস্টেবলকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার বিকেলে নাটোরের জেলা ও দায়রা জজ মো.রেজাউল করিম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ইফতেখার রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কনস্টেবল পদে নিয়োজিত ছিলেন। তাঁর বাড়ি লালমনিরহাটে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৮ নভেম্বর ইফতেখারের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজিম উদ্দিন নাটোর থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, তিনি রাজশাহী থেকে ন্যাশনাল পরিবহনে ঢাকা যাচ্ছিলেন। নাটোরের বনবেলঘরিয়া এলাকায় বাসটি থামিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ৯৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ইফতেখারকে আটক করে। পাঁচ মাস হাজতবাসের পর তিনি জামিন পান। হাজতে থাকাকালে পুলিশ সদর দপ্তর তাঁকে চাকরিচ্যুত করে।

নাটোরের সরকারি কৌঁসুলি সিরাজুল ইসলাম বলেন, সাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ইফতেখারকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আসামির আইনজীবী আতিকুল্লাহ বিশ্বাস বলেন, তাঁর মক্কেল ন্যায় বিচার পাননি। তিনি আপিল করবেন।

এদিকে গতকাল মঙ্গলবার যশোরের চৌগাছা উপজেলায় ফেনসিডিল দিয়ে এক চা দোকানিকে ফাঁসাতে গিয়ে ফেঁসে যান পুলিশের দুই কর্মকর্তা। স্থানীয় লোকজন ওই দুই কর্মকর্তাকে হাতেনাতে ধরে আটকে রেখে বিচারের দাবিতে বিক্ষোভ করেন। পরে এ দুজনসহ পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার করা হয়।
আরও পড়ুন...
যশোরে আবারও ফাঁসাতে গিয়ে ধরা খেল পুলিশ