ফেনসিডিল বহনে শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে বয়সে ওদের বিদ্যালয়ে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করার কথা, সে বয়সে ওরা এখন মাদক বহনকারী। মাদক চোরাচালানের রাঘব-বোয়ালেরা টাকার লোভ দেখিয়ে ফেনসিডিল বহনে কোমলমতি শিশুদের ব্যবহার করছে। জয়পুরহাটের বিভিন্ন সীমান্তবর্তী গ্রামের গরিব পরিবারের অনেক শিশুই এখন মাদক বহনকারী।গত বৃহস্পতিবার জয়পুরহাট সদর থানার পুলিশ শহরের জেলা হাসপাতালের মোড় থেকে দুই শিশুকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুই শিশু হলো পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের ১০ বছরের শাহিনুর রহমান ও একই গ্রামের ১১ বছরের নাজমুল হোসেন। ওরা দুজন বন্ধু। নাজমুল ও শাহিনুর পুলিশ হেফাজতে থাকা অবস্থায় জানায়, উত্তর গোপালপুর গ্রামের জনৈক রমজান আলী, নাজমুল ও শাহিনুরকে সপ্তাহে চার-পাঁচ দিন তাদের দিয়ে পাঁচ-সাত বোতল ফেনসিডিল বগুড়া শহরের তিন মাথায় বগুড়ার ফেনসিডিল ব্যবসায়ী সম্রাট ও মামুনের কাছে পৌঁছে দেওয়ার বিনিময়ে খাওয়া এবং যাতায়াত খরচ বাবদ ৩০০ টাকা করে দিত। টাকার লোভে তারা এই কাজে জড়িয়ে পড়েছে। তারা জানায়, ফেনসিডিল পাচারে তাদের মতো আরও সাত শিশুকে দিয়ে ব্যবহার করা হয়।নাজমুল একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণী ও শাহিনুর একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। এখন ওরা আর স্কুলে যায় না। ফেনসিডিল বহন করে পাওনা টাকা মা-বাবার হাতে তুলে দেয়। নাজমুলের মা ও বাবা ইটভাটায় কাজ করেন। শাহিনুরের বাবা নেই, মা ভারতীয় শাড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।গত শুক্রবার নাজমুল ও শাহিনুরকে জয়পুরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের আদালতে হাজির করলে আদালত তাদের সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে যশোর জেলার পুলেরহাট শিশু সংশোধনী কারাগারে পাঠানোর আদেশ দেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ১১ ডিসেম্বর জয়পুরহাট আটাপাড়া ক্যাম্পের বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা শরীরে বাঁধা অবস্থায় ১০ বোতল ফেনসিডিলসহ আটাপাড়া ব্রিজের কাছ থেকে ১৪ বছরের এক শিশু রাসেলকে গ্রেপ্তার করে। তার বাড়ি পাঁচবিবি উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। এর আগে গত ৩ নভেম্বর সাব্বির হোসেন নামের ১৪ বছরের এক শিশু ও তার মা শাহিনুর বেগমকে ৬০ বোতলসহ পাঁচবিবি থানা পুলিশ বাগজানা গ্রাম থেকে গ্রেপ্তার করে। তাদের বাড়ি বগুড়ার নামাজগড়ে। ২৫ নভেম্বর জয়পুরহাট শহরের পাঁচবিবি রোডের সুপার মার্কেটের সামনে থেকে সাজু হোসেন নামের ১৪ বছরের শিশু গ্রেপ্তার হয়। তার বাড়ি পাঁচবিবির চেঁচড়া গ্রামে। তার শরীরে পেঁচানো পলিথিনের ব্যাগে আট লিটার তরল ফেনসিডিল ছিল। জয়পুরহাট শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে থেকে রশিকুল ইসলাম নামের ১৩ বছরের এক শিশু ও ১৬ বছরের কিশোর মিনহাজ মণ্ডলকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করে পুলিশ। তাদের নামে মামলাও হয়েছে। সদর থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল জানান, একশ্রেণীর মাদক ব্যবসায়ী জয়পুরহাটের বিভিন্ন গ্রামের সীমান্ত এলাকায় নিরাপদে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য হতদরিদ্র পরিবারের শিশুদের ব্যবহার করছে। জয়পুরহাটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল হক এবং জয়পুরহাট লাইব্রেরি ও ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী জানান, ফেনসিডিলের মতো স্পর্শকাতর মাদক শিশুদের দিয়ে পাচার করানোর বিষয়টি উদ্বেগজনক।