ফেনসিডিল বহনের অভিযোগে তিন পুলিশ বরখাস্ত
ফেনসিডিল বহনের অভিযোগে নড়াইলে পুলিশের তিন সদস্যকে গত রোববার সাময়িক বরখাস্ত করা হয়েছে। এঁরা হলেন নড়াইল গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজন, কনস্টেবল লালন ও পুলিশ সুপারের কার্যালয়ের কনস্টেবল বিজন (৪০)।
জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সার্কেল) মাসুম আহামঞ্চদ ভূঞা জানান, ফেনসিডিল বহনের অভিযোগ পাওয়ায় পুলিশের ওই তিন সদস্যকে গত রোববার রাতে তাৎক্ষণিকভাবে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয় এবং তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গত রোববার সকাল সাতটার দিকে একদল পুলিশ নড়াইল পৌরসভার কুড়িগ্রামের যুবলীগের কর্মী লিটন শেখের (৩০) ঘরে অভিযান চালায়। পুলিশ ঘরের বারান্দা থেকে ৭৬৯ বোতল ফেনসিডিল জব্দ করে এবং তাঁকে আটক করে। লিটন জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, পুলিশের তিন সদস্য সুজন, লালন ও বিজন তাঁর বাড়িতে ফেনসিডিল রেখে গেছেন।
ওসি আরও জানান, ফেনসিডিল রাখার অভিযোগে লিটন শেখের বিরুদ্ধে মামলা করেছেন সদর থানার উপপরিদর্শক শেখ সজল হোসেন। লিটনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।