ফেনসিডিল বেচতে বিজ্ঞাপন সাবেক ছাত্রলীগ নেতার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় ছাত্রলীগের সাবেক এক নেতাকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত৷ ফেনসিডিল বিক্রির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে পোস্টার সাঁটানোয় তাঁকে এ সাজা দেওয়া হয়৷
দণ্ড পাওয়া ওই নেতা হলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহরাব আলী৷ তিনি বলেন, ‘উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলামের সঙ্গে আমার টাকা নিয়ে দ্বন্দ্ব রয়েছে৷ আমার সম্মান নষ্ট করতে তিনি ফেনসিডিল বিক্রির বিজ্ঞপ্তি দিয়ে আমার নাম ও মোবাইল নম্বর দিয়েছেন।’ তবে সাইদুল ইসলাম বলেন, ‘তাঁর সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই।’
এলাকাবাসীর কয়েকজন জানান, ১ জুন উপজেলার ঈশ্বরঘাট গ্রামের আকা মিয়া (৩৩) বিষাক্ত মদ খেয়ে মারা যান। ঘটনাটি জানাজানি হলে মাদকসেবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফেনসিডিল সেবনকারীর সংখ্যাও অনেক কমে যায়৷ সেবনকারীদের দৃষ্টি আকর্ষণের জন্য শুক্রবার রাতে ধুনটের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার দেয়ালে পোস্টার লাগানো হয়। পোস্টারের নিচে সোহরাব আলীর নাম ও তাঁর ব্যবহৃত দুটি মুঠোফোন নম্বর দেওয়া হয়। শনিবার সকালে এই পোস্টার দেখার পর উপজেলা প্রশাসন ও সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরদিন রোববার দুপুরে সোহরাব আলীকে গ্রেপ্তার করে পুলিশ৷ রাত আটটার দিকে নির্বাহী হাকিম হাফিজুর রহমান তাঁকে ওই দণ্ড দেন৷