ফেনসিডিল রাখায় দুজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের কচুয়ায় মাদক রাখার দায়ে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এ রায় দেন।
সাজাপ্রাপ্ত দুজন হলেন কচুয়া উপজেলার আমুজান এলাকার সিরাজ মিয়া (৪৭) এবং একই এলাকার আমির হোসেন (৪৩)। তাঁরা বর্তমানে চাঁদপুর জেলহাজতে রয়েছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ চাঁদপুরের কচুয়ার আমুজান এলাকার সিরাজ মিয়া ও আমির হোসেনের কাছ থেকে ৪০১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় কচুয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ২০১০ সালের ১৬ জুলাই আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।