ফেনসিডিলসহ আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিম উদ্দিন মিয়ার ছেলে ফিরোজ মিয়াকে (৩৫) ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার ভারগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোনারগাঁ থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আজমিরুজ্জামান বলেন, ফিরোজ মিয়া প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। সোনারগাঁ থানার তিনজন সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদুর রহমান, সোহেল রানা ও মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ রোববার রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তিন বোতল ফেনসিডিলসহ ফিরোজ মিয়াকে গ্রেপ্তার করে। রাতেই ফিরোজ মিয়াকে থানায় নেওয়া হয়। সূত্র জানায়, ফিরোজ মিয়াকে ছাড়িয়ে নেওয়ার জন্য রাতে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা তদবির চালান। বিষয়টি জানার পর স্থানীয় গণমাধ্যমের কয়েকজন কর্মী থানায় উপস্থিত হন। পরে ফিরোজ মিয়াকে আসামি করে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আজমিরুজ্জামান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ফিরোজ মিয়ার বিরুদ্ধে মাদক বিক্রির একাধিক অভিযোগ রয়েছে। তাঁকে গতকাল নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। এ সময় ফিরোজ মিয়াকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। আদালত রিমান্ডের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওসি বলেন, ‘ফিরোজ মিয়াকে ছাড়িয়ে নেওয়ার জন্য কিছু লোক তদবির করেছেন, এ কথা সত্য। কিন্তু আমরা ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছি।’