ফেনসিডিলসহ আটক সেনা কর্মকর্তা চাকরিচ্যুতি ও এক বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনসিডিলসহ আটক সেনা কর্মকর্তা মেজর রেজা শাহ মোহাম্মদ জিল্লুল্লাহকে চাকরিচ্যুতির পাশাপাশি এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।গত ১৫ জুলাই গভীর রাতে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে ফেনসিডিলসহ আটক করা হয় রেজা শাহ মোহাম্মদ জিল্লুল্লাহকে। এরপর তাঁর বিরুদ্ধে ফেনসিডিল বহনের দায়ে ইতিমধ্যে পুলিশ কর্তৃক বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর অধীনে একটি ফৌজদারি মামলা করা হয়েছে। তবে একই সময়ে তাঁর বিরুদ্ধে ওই ঘটনার জন্য সেনা আইনে বিচারযোগ্য অন্যান্য অপরাধের বিচার সম্প্রতি কোর্ট মার্শালে সম্পন্ন হয়েছে। কোর্ট মার্শালে তাঁকে বেসামরিক কারাগারে এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। রেজা শাহ ব্যক্তিস্বার্থে চাকরির সব নিয়মকানুন উপেক্ষা করে অতিরিক্ত অর্থ উপার্জনের উদ্দেশে ফেনসিডিল বহনের মতো ঘৃণ্য কাজে জড়িয়ে পড়েন। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিধারী রেজা শাহ ১৯৯৫ সালে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনীতে যেকোনো ধরনের অপরাধ বা কোনো সেনাসদস্যের বেআইনি কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হয় না। কোনো সেনাসদস্যের বিরুদ্ধে উত্থাপিত যেকোনো ধরনের অন্যায় বা অপরাধের অভিযোগ প্রমাণিত হলে অতি দ্রুত সেনা আইন অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।