ফেনসিডিলসহ ইউপি সদস্য গ্রেপ্তার
ফেনীতে গত শনিবার রাতে বিদেশি মদ, ফেনসিডিলসহ বেলাল হোসেন (৩৪) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
বেলাল হোসেন ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য। এলাকায় তিনি আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত। র্যাব সূত্র জানায়, শনিবার রাতে র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা বেলাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিল, নয় বোতল ভদকা ও আট বোতল হুইস্কি উদ্ধার করেন। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় র্যাব ফেনী ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আকবর হোসেন ফেনী মডেল থানায় মামলা করেন। বেলালকে ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়েছে। ধর্মপুর ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক এম আজাহারুল হক বলেন, ‘বেলাল হোসেন নিজের মাদক ব্যবসাসহ অন্যান্য অপকর্ম চাপা দিতে দিনে আওয়ামী লীগের এবং রাতে বিএনপির সাইনবোর্ড ব্যবহার করেন।’ ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, বেলালের বিরুদ্ধে মাদক ব্যবসা ছাড়াও সন্ত্রাস-চাঁদাবাজির চারটি মামলা রয়েছে।