ফেনসিডিলসহ চার কনস্টেবল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি) ও পাঁচবিবি থানার পুলিশ যৌথভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচবিবি স্টেশনে ট্রেনে অভিযান চালান। এ সময় জিআরপির (রেলওয়ে পুলিশ) চার সদস্যের ব্যাগ তল্লাশি করে ৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাঁদের আটক করা হয়েছে। এ ঘটনায় সান্তাহার জিআরপি থানায় একটি মামলা হয়েছে। পাঁচবিবি থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার পার্বতীপুর থেকে রাজশাহীগামী ৩২ নম্বর ডাউন উত্তরা এক্সপ্রেস ট্রেনে সকাল সাড়ে আটটায় জয়পুরহাট বর্ডার গার্ডস ক্যাম্পের সদস্য ও পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হায়াত মো. রফিকের নেতৃত্বে যৌথ অভিযান চালায়। এ সময় ট্রেনের একটি কামরা থেকে তিনটি ব্যাগ তল্লাশি করে ৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ব্যাগ তিনটি তল্লাশির সময় ওই ট্রেনে কর্তব্যরত রেলওয়ে পুলিশের (জিআরপি) কনস্টেবল হারুনুর রশীদ (কন. নম্বর-৯৪), শহিদুর রহমান (কন. নম্বর-৫৯২), আ. খালেক (কন. নম্বর-৯০) ও সাইফুল ইসলাম (কন. নম্বর-২৫৬) বাধা দিলে বিডিআর ও পুলিশ ব্যাগ তল্লাশি করে ব্যাগে থাকা ফেনসিডিলসহ ওই চার কনস্টেবলকে গ্রেপ্তার করে।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান চন্দ্র জানান, রেলওয়ে পুলিশের চার কনস্টেবলের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মামলা করেছে। তাঁদেরকে ফেনসিডিলসহ সান্তাহার রেলওয়ে থানায় সোপর্দ করা হয়েছে।