ফেনসিডিলসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর পৌরসভার ঘাটপার সেতুর কাছ থেকে গতকাল শনিবার ১৬ বোতল ফেনসিডিলসহ ছাত্রলীগের নেতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন: জেলা ছাত্রলীগের পরিবেশ-বিষয়ক উপসম্পাদক ও সদর উপজেলার রাজবাটি এলাকার পারভেজ আলম খান (৩২) এবং রামনগর এলাকার বেলাল হোসেন (৪০)। বিডিআরের বিরামপুর অস্থায়ী বিশেষ ক্যাম্পের নায়েব সুবেদার শফিউদ্দিন হাওলাদার জানান, পারভেজ ও বেলাল গতকাল ফেনসিডিল নিয়ে মোটরসাইকেলযোগে হিলি থেকে দিনাজপুর যাচ্ছিলেন। খবর পেয়ে বিডিআর সদস্যরা তাঁদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে সকাল ১০টার দিকে ঘাটপার সেতুর কাছে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা খেলে যুবকেরা মোটরসাইকেল থেকে পড়ে যান। তাঁদের দেহ তল্লাশি করে পাওয়া যায় ১৬ বোতল ফেনসিডিল। পরে নম্বরবিহীন একটি মোটরসাইকেলসহ দুজনকে আটক করে বিরামপুর থানায় সোপর্দ করা হয়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, আটক পারভেজ ও বেলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে বিডিআর। দিনাজপুর জেলা ছাত্রলীগের সভাপতি ইমরান লতিফ নিশ্চিত করেছেন, পারভেজ জেলা ছাত্রলীগের পরিবেশ-বিষয়ক উপসম্পাদক। পারভেজ দাবি করেছেন, তিনি কোনো ফেনসিডিল বহন করেননি। তাঁর সহযোগী বেলালের কাছে ফেনসিডিল ছিল। তবে বিডিআর কর্মকর্তা শফিউদ্দিন হাওলাদার জানান, এর আগেও ছাত্রলীগের নেতা পারভেজকে তিনি ফেনসিডিলসহ আটক করেছিলেন। তখন ওই ঘটনায় মামলাও করা হয়েছিল।