ফেনসিডিলসহ থানায় সোপর্দের পর...
বিডিআরের সদস্যরা ফেনসিডিলসহ এক ব্যক্তিকে থানায় সোপর্দ করায় গত শনিবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজবাড়ী যৌথ (বিডিআর ও শুল্ক বিভাগ) তল্লাশিচৌকিতে হামলা চালিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, সাজানো মামলায় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। এদিকে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা গত শনিবার গোদাগাড়ী থানায় ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার সুপারিশ করতে গেলে চার নেতা-কর্মীকে মারধর করে পুলিশ। এর প্রতিবাদে উপজেলার রাজাবাড়ীহাটে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ ও গোদাগাড়ী থানা ঘেরাও করে আওয়ামী লীগের নেতা-কর্মী ও জনতা। পুলিশের মারধরে আহত চার নেতা-কর্মী হলেন, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, উপজেলার দেওপাড় ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাদশা আলম, গোদাগাড়ী থানা আওয়ামী লীগের সদস্য আবদুর রাজ্জাক ও আওয়ামী লীগের সমর্থক ব্যবসায়ী মিলন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হেলাল উদ্দিন গতকাল রোববার প্রথম আলোকে জানান, শুক্রবার রাতে বিডিআরের জওয়ানরা খারিজাগাছি মোল্লাপাড়া থেকে ২০ বোতল ফেনসিডিলসহ বাবলুকে আটক করে রাতেই গোদাগাড়ী থানায় সোপর্দ করেন। তাঁরা খোঁজ নিয়ে জানতে পারেন, বাবলু ওই সময় একটি দোকানে বসে টিভি দেখছিলেন। বিডিআরের জওয়ানরা তাঁকে ডেকে ফেনসিডিল ধরিয়ে চালান করেন। সকালে তাঁরা বাবলুর খোঁজ নিতে গেলে থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক লাঠি দিয়ে তাঁকে মারধর করেন। আরও সাত-আটজন পুলিশ সদস্য তাঁর সঙ্গের নেতাকর্মীদের মারধর করেন। পরে পুলিশের সদস্যরা তাঁদের আটকে রাখেন। বিষয়টি তাঁরা মুঠোফোনে উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং স্থানীয় সাংসদকে জানান। পরে রাজশাহীর পুলিশ সুপার, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করে বিষয়টির মীমাংসা করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের নেতা-কর্মীদের নেতৃত্বে স্থানীয় জনতা শনিবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখে। জনতা রাজাবাড়ীহাটে যৌথ চেকপোস্টে হামলা করে বিডিআরের সদস্যদের মারধর করে। এ ছাড়া নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলা ও আটকের প্রতিবাদে গোদাগাড়ী থানা ঘেরাও করে বিক্ষোভ করে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকিরুল ইসলাম জানান, বিডিআরের দায়ের করা মামলায় বাবলুকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক চার নেতাকে ছেড়ে দেওয়া হয়েছে। এসআই আবদুর রাজ্জাককে ক্লোজ করা হয়েছে। বিডিআরের ৩৭ ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর আরিফ বলেন, ‘আমি ওই আসামির সঙ্গে কথা বলেছি। তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তবে এখন পর্যন্ত আমি মনে করি, বিডিআরের সিদ্ধান্ত ঠিক আছে। ভবিষ্যতে বিডিআরের পদক্ষেপ ভুল প্রমাণিত হলে জড়িত বিডিআরের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’