ফেনসিডিলসহ দুই শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলায় মাসুদ পারভেজ ও মো. শামসুজ্জামান নামের দুজন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে হাড়িভাসা ইউপির বাঙ্গালপাড়া সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া মাসুদ পারভেজের বাড়ি পঞ্চগড় শহরের ডকরোপাড়া এলাকায়। তিনি পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগের সাংসদ মো. মজাহারুল হক প্রধানের ভাগ্নে ও দুইপাড়া আলীম মাদ্রাসার সহকারী শিক্ষক। অন্যজন মো. শামসুজ্জামান পঞ্চগড় উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর বাড়ি জেলা শহরের রৌশনাবাগ এলাকায়।বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ওই দুই ব্যক্তি মোটরসাইকেলে করে ওই সীমান্তে যান। বাংলাদেশের বাঙ্গালপাড়া এলাকায় মোটরসাইকেল রেখে তাঁরা ভারতের বাঙ্গালপাড়া এলাকায় অনুপ্রবেশ করে ফেনসিডিল পান করেন এবং তিন বোতল ফেনসিডিল নিয়ে ফিরে আসেন। এ সময় টহলরত বিজিবির ঘাগড়া ক্যাম্পের সদস্যরা তাঁদের আটক করে ক্যাম্পে নিয়ে যান। একপর্যায়ে তাঁদের পক্ষের কিছু লোক ক্যাম্পে গিয়ে তাঁদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাঁরা বিজিবির সদস্যদের সঙ্গে অশোভন আচরণ করেন। খবর পেয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাকির হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার ইমাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আটক ব্যক্তিরা দোষ স্বীকার না করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজিবিকে থানায় মামলা করার পরামর্শ দেন। পরে ওই দিন রাতে বিজিবি তাঁদের পঞ্চগড় থানায় পুলিশে সোপর্দ করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে লে. কর্নেল মো. জাকির হোসেন জানান, এ ঘটনায় বিজিবির হাবিলদার মো. জসিমউদ্দিন বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পঞ্চগড় থানায় মামলা করেছেন।মামলার সত্যতা নিশ্চিত করে গতকাল শুক্রবার সকালে পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবীর বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।