ফেনসিডিলসহ সাবেক সাংসদের জামাতার গাড়ি আটক
রাজধানীর মিরপুর রোডে ঢাকা কলেজের উল্টো পাশ থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ১৫০ বোতল ফেনসিডিলসহ একটি ব্যক্তিগত গাড়ি আটক করেছে নিউমার্কেট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, আটক গাড়িটি বিএনপির সাবেক সাংসদ আলী কদরের জামাতার।পূর্ব ধানমন্ডি পুলিশ ফাঁড়ির সার্জেন্ট এ বি এম মিজানুর রহমান প্রথম আলোকে জানান, গাড়িটি থামানো অবস্থায় ছিল। গাড়িতে কেউ ছিল না। গাড়িটি তল্লাশি করে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়।নিউমার্কেট থানা সূত্র জানায়, গাড়ি থেকে জব্দ করা ব্যাংক হিসাবের কাগজ ও ভারতীয় অভিবাসন কর্তৃপক্ষের কাগজপত্রে ফারহানা কদর ও রাসেল নাম উল্লেখ রয়েছে। আলী কদর বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাঁর ছেলে ইফতে হক কদরের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গাড়িটি তাঁর বোন ফারহানা কদর ও ভগ্নিপতি রাসেলের। তাঁরা মাদক ব্যবসায় জড়িত নন।