ফেনী, ফটিকছড়ি ও কাপ্তাইয়ে শারদীয় দুর্গোৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপুল উৎসাহ-উদ্দীপনায় ফেনী, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ও রাঙামাটির কাপ্তাই উপজেলায় শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবীর বোধনের মধ্য দিয়ে গতকাল রোববার সন্ধ্যায় ষষ্ঠী পূজা শুরু হয়। ৬ অক্টোবর বিজয়া দশমীতে দেবীর বিসর্জনের মাধ্যমে শেষ হবে পাঁচ দিনের এই উৎসব।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফেনী: ফেনীর ১৩২টি পূজামণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র শীল বলেন, এ বছর ফেনী পৌর এলাকায় ১১টি, সদর উপজেলায় ৩৯টি, ফুলগাজী উপজেলায় ৩৩টি, সোনাগাজী উপজেলায় ২২টি, দাগনভূঞা উপজেলায় ১৫টি, ছাগলনাইয়া উপজেলায় ছয়টি এবং পরশুরাম উপজেলায় ছয়টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।পুলিশ সুপার (এসপি) পরিতোষ ঘোষ বলেন, আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে।ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এ বছর ৯২টি মণ্ডপে দুর্গাপূজা শুরু হয়েছে। উপজেলা কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে শ্রীশ্রী কালী ও জগন্নাথ মন্দির প্রাঙ্গণে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। উদ্বোধন করেন সুয়াবিল সিদ্ধাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সত্যানন্দ ব্রহ্মচারী মহারাজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি রণজিৎ কুমার চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দীন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিশ প্রমুখ।উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার দুটি থানায় মোট ১৮টি মণ্ডপ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ফটিকছড়ি থানায় ১২টি ও ভুজপুর থানায় ছয়টি ঝুঁকিপূর্ণ মণ্ডপ রয়েছে। স্পর্শকাতর ওই মণ্ডপগুলোর জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, প্রতিটি ইউনিয়নের জন্য আলাদা মোবাইল টিম গঠন করা হয়েছে। তবে ঝুঁকিপূর্ণ মণ্ডপে সার্বক্ষণিক পুলিশ মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে।কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই উপজেলায় এ বছর মোট ছয়টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, উপজেলার শ্রীশ্রী ত্রিপুরা সুন্দরী কালীমন্দির, কর্ণফুলী প্রকল্প শ্রীশ্রী হরি মন্দির, শ্রীশ্রী দক্ষিণেশ্বর কালীবাড়ির মন্দির, শ্রীশ্রী আদি নারায়ণ বৈদাত্তিক গীতা পূজামণ্ডপ, শ্রীশ্রী জয়কালী মন্দির ও কর্ণফুলী সর্বজনীন মাতৃমন্দিরে উৎসবের আমেজে পূজা আরম্ভ হয়।উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক সাগর চক্রবর্তী জানান, ৬ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাজেরা খাতুন বলেন, পূজামণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়েছে।