১৫ বছর পর গতকাল বুধবার ফেনী জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছে। এতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এর মধ্য দিয়ে ফেনী আওয়ামী লীগের রাজনীতি থেকে বিতর্কিত নেতা জয়নাল হাজারী যুগের অবসান হয়েছে।ফেনী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এই সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সরাসরি ভোটে আবদুর রহমান সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নিজাম উদ্দিন হাজারী।সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা মিলিয়ে ১৬ জন বক্তব্য দেন। কিন্তু কেউ-ই সন্ত্রাসের গডফাদার তকমাধারী দলের সাবেক সাংসদ জয়নাল হাজারীর নাম পর্যন্ত মুখে আনেননি। বরং সবার বক্তৃতায় ফেনীতে ‘সন্ত্রাসের যুগের’ অবসান হওয়ায় স্বস্তির কথা উঠে আসে।সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ফেনী হবে শান্তির জনপদ, রাজনীতির উর্বর ক্ষেত্র। সন্ত্রাসী রাজনীতি ফেনীতে চলবে না। মাস্তানি-গুন্ডামি চলবে না।’জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রধান বক্তা এবং সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর বিশেষ অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী।ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে জয়নাল হাজারীর উত্থান। তিনি ১৯৮৪ সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। এরপর তিনি টানা একই পদে ছিলেন। আওয়ামী লীগের আগের সরকারের আমলে (১৯৯৬-২০০১) জয়নাল হাজারী ফেনীতে বিশেষ বাহিনী ‘স্টিয়ারিং কমিটি’ ও পরে ‘ক্লাস কমিটি’ গঠন করে পুরো জনপদে ‘সন্ত্রাসের রাজত্ব’ প্রতিষ্ঠা করেন। এরপর ২০০১ সালের আগস্টে তত্ত্বাবধায়ক সরকারের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মুখে তিনি পালিয়ে ভারতে চলে যান। দীর্ঘ সাত বছর পলাতক ছিলেন। ২০০৩ সালে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। বর্তমান সরকার ক্ষমতায় এলে তিনি দেশে ফেরেন। ফেনী জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আবদুর রহমান বলেন, ‘জয়নাল হাজারী এখন আর দলের প্রাথমিক সদস্যও নন।’