ফেনী ও চট্টগ্রামে বজ্রপাতে নিহত ৫
গতকাল মঙ্গলবার ভোরে চট্টগ্রাম, বাঁশখালী ও ফেনীতে পাঁচজন বজ্রপাতে নিহত হয়েছেন। নিহতরা হলেন চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার দেলোয়ার (১৯), বাঁশখালীর বরইতলী গ্রামের সাখাওয়াত হোসেন(১৩), ফেনীর সোনাগাজীর আবদুল্লাহ আল মামুন (২৮) ও আবুল বাশার (৫৫) এবং দাগনভূঞার ফকির আহমদ (৩৫)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান, নগরের বাকলিয়া এলাকার দেলোয়ার গতকাল ভোরে মারা যান। তিনি সাহ্রি খেতে বাইরে বের হলে বজ্রপাতের শিকার হন।
বাঁশখালী সংবাদদাতা জানান, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের বরইতলী এলাকার সাখাওয়াত হোসেন গতকাল সন্ধ্যা সাতটায় বজ্রপাতে মারা যায়। কাথারিয়া বাগমিরাম উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সাখাওয়াত বরইতলী গ্রামের আমির হোসেনের ছেলে। বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা তুষিত বড়ুয়া বলেন, সন্ধ্যায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে সাখাওয়াতের মৃত্যু ঘটেছে।
প্রথম আলোর ফেনী প্রতিনিধি ও সোনাগাজী সংবাদদাতা জানান, গতকাল ভোরে সোনাগাজী ও দাগনভূঞায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, সোনাগাজী উপজেলার চর চান্দিয়া গ্রামের মাছ ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন গতকাল ভোরে ভারী বৃষ্টি উপেক্ষা করে বাড়ি থেকে বের হলে বজ্রপাতের শিকার হন। তিনি ওই গ্রামের আব্দুল হাদির ছেলে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানান সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল আলম।
একই সময় আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম চর সোনাপুর গ্রামের মাছের খামারের পাহারাদার আবুল বাশার বজ্রপাতের শিকার হয়ে মারা যান।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সকালে উপজেলার আলাইয়ার পুর গ্রামের ফকির আহম্মদ বজ্রপাতে মারা যান। তিনি আলাইয়ার পুরের আজিজুল হকের ছেলে।