ফেনীর ছাগলনাইয়া ও জামালপুরের ইসলামপুর উপজেলায় অ্যানথ্রাক্সে আক্রান্ত দুজনকে শনাক্ত করেছেন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা। চুয়াডাঙ্গায় অ্যানথ্রাক্সে আক্রান্ত আরও চারজনের সন্ধান মিলেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফেনী: ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামে ওয়াহিদের নেছা (৫০) অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. খায়রুল ইসলাম।পারিবারিক সূত্রে জানা গেছে, ২৪ আগস্ট ওয়াহিদের নেছার ছেলে স্থানীয় বাজার থেকে দুই কেজি গরুর মাংস কিনে আনেন। ওই মাংস খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। কয়েক দিন পর তাঁর ডান পায়ে ক্ষত দেখা দিলে প্রথমে গ্রাম্য চিকিৎসক এবং পরে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওই বাড়িতে যান। প্রাথমিক পরীক্ষার পর ওয়াহিদের নেছা অ্যানথ্রাক্সে আক্রান্ত বলে তাঁরা নিশ্চিত করেন। জামালপুর: ইসলামপুর উপজেলায় গতকাল আমিনুল ইসলামকে (৩০) অ্যানথ্রাক্সে আক্রান্ত হিসেবে শনাক্ত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আমিনুলের বাড়ি ইসলামপুর সদরের শংকরপুর গঙ্গাপাড়া গ্রামে। ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মুখলেছুর রহমান বলেন, আমিনুল ইসলাম দুপুর ১২টার দিকে চিকিৎসা নিতে আসেন। তাঁর ডান হাতে ও ডান পায়ে দুটি ফোঁড়ার মতো ক্ষত হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে নিশ্চিত হওয়া গেছে, তাঁর অ্যানথ্রাক্স হয়েছে। তাঁকে দুপুর দেড়টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত জামালপুর জেনারেল হাসপাতালে অ্যানথ্রাক্সে আক্রান্ত কোনো রোগী ভর্তি হয়নি বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। চুয়াডাঙ্গা: জেলায় অ্যানথ্রাক্সে আক্রান্ত আরও চারজনের সন্ধান পাওয়া গেছে। অ্যানথ্রাক্সে আক্রান্ত ব্যক্তিরাও চিকিৎসকদের পরামর্শ মোতাবেক বাড়িতে থেকেই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। আক্রান্ত ওই চারজন হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের হাসান আলী (৩০) ও তাঁর স্ত্রী পাপিয়া (২৬), ছেলে নাহিদ (৬) এবং পার্শ্ববর্তী মহাম্মদ জুম্মা গ্রামের সাদ্দাম হোসেন (২২)। এর আগে আলমডাঙ্গা উপজেলার চরযাদবপুর গ্রামের আবদুর রহিম নামের অ্যানথ্রাক্সের এক রোগীর সন্ধান পাওয়া গেছে। গতকাল বিকেলে হাসান আলী জানান, ২২ আগস্ট রাতে তিনি সরোজগঞ্জ বাজার থেকে গরুর মাংস কিনেছিলেন। মাংস খাওয়ার পর থেকে তাঁর এবং স্ত্রী ও সন্তানের গায়ে প্রথমে ফুসকুড়ি ও পরে বড় বড় ঘা হতে থাকে। ৬ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য গেলে চিকিৎসক অ্যানথ্রাক্স রোগী হিসেবে তাঁদের চিকিৎসা দেন। চিকিৎসকের পরামর্শে বাড়িতে থেকে চিকিৎসা অব্যাহত রাখেন তাঁরা। মহাম্মদ জুম্মা গ্রামের সাদ্দাম হোসেন জানান, গত মাসে তাঁর পায়ের পাতায় দুটি ফুসকুড়ি বের হয়। এরপর তাঁর সারা পায়ে ঘা ছড়িয়ে পড়ে। সরোজগঞ্জ বাজারের চিকিৎসক অ্যানথ্রাক্স রোগী হিসেবে তাঁকে চিকিৎসা দিয়েছেন। কিন্তু দিনে দিনে ক্ষতের সংখ্যা ও তীব্রতা বাড়লে সদর হাসপাতালে যাওয়ার পর চিকিৎসক হাসানের অ্যানথ্রাক্স হয়েছে বলে নিশ্চিত করেন।মির্জাপুর (টাঙ্গাইল): উপজেলার গড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা গ্রামে তিন দিনের ব্যবধানে ছয়টি গরুর মৃত্যুর ঘটনায় স্থানীয় অধিবাসীদের মধ্যে অ্যানথ্রাক্স আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামবাসী জানান, বুধ ও বৃহস্পতিবার গ্রামের শাজাহান মিয়ার একটি, খোরশেদ মিয়ার একটি, নাজিমুদ্দিনের একটি, সিদ্দিকুর রহমানের একটি ও কাজিমুদ্দিনের একটি গরু মারা যায়। একইভাবে শুক্রবার দুপুরে কাবেল সিকদারের একটি গাভি মারা যায়। বাগেরহাট: সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের আফরা গ্রামে গত শনিবার বিকেলে দুটি গরুর মৃত্যুর সংবাদে অ্যানথ্রাক্স আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, মৃত গরু দুটির রক্তের নমুনা সংগ্রহ করে গতকাল সকালে বরিশালে আঞ্চলিক পশুরোগ অনুসন্ধান কেন্দ্রে পাঠানো হয়েছে। আজ সোমবার নাগাদ পরীক্ষার ফল জানা যাবে। কালিয়াকৈর (গাজীপুর): গত বুধবার গাজীপুর সদর হাসপাতালে দুজন আক্রান্তের খবর পেয়ে উপজেলায় অ্যানথ্রাক্স আতঙ্ক বেশি ছড়িয়ে পড়ে। তবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। উপজেলার কোথাও অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। এদিকে গতকাল উপজেলা প্রাণিসম্পদ অফিসে গিয়ে দেখা গেছে, সকাল থেকে বিভিন্ন এলাকার লোকজন প্রতিষেধক নিতে এসে ফিরে গেছে। প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ৪৮ হাজার প্রতিষেধক দরকার। কিন্তু এখন পর্যন্ত পাওয়া গেছে ২৯ হাজার। ৫৪টি গ্রামে এসব প্রতিষেধক সরবরাহ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মেজবাহ উদ্দিন খন্দকার বলেন, ‘প্রয়োজনমতো সরবরাহ না থাকায় সবাইকে প্রতিষেধক দিতে পারছি না। তবে পর্যায়ক্রমে সব গ্রামেই প্রতিষেধক দেওয়া হবে।’