ফেনী ও নাটোরে বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্যাপন
ফেনী সরকারি বালিকা বিদ্যালয় ও নাটোর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব গত শনিবার শেষ হয়েছে। শতবর্ষ পূর্তি উপলক্ষে বিদ্যালয় দুটিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফেনী: ফেনী সরকারি বালিকা বিদ্যালয়ের দুই দিনব্যাপী শতবর্ষ পূর্তি উৎসব ছিল প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের এক অভূতপূর্ব মিলনমেলা। শতবর্ষ পূর্তি উৎসবে স্মৃতিচারণা, আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা পুরস্কার, বর্তমানে অধ্যয়নরত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা পুরস্কার পেয়েছেন সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য সুরাইয়া বেগম, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রওশন আরা বেগম, প্রথম মহিলা কর কমিশনার হাসিনা খাতুন, শওকত আরা হক, সুরাইয়া খানম, রাহাতুন্নেসা ওরফে সুরমা, জেবুন্নেসা, করিমা আক্তার, রোকেয়া আক্তার, ফরিদা বেগম এবং জমিলা হক। নাটোর: নাটোর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উপলক্ষে গত শনিবার নবীন-প্রবীণ শিক্ষার্থীদের কোলাহলে বিদ্যালয় চত্বর মুখরিত ছিল।উৎসব উপলক্ষে সকালে শহরের মীড়পাড়ার পুরোনো ভবন (জিন্নাহ স্কুল) থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ ঘুরে আলাইপুর এলাকায় নতুন ভবনে (সরকারি বালক বিদ্যালয়) গিয়ে শেষ হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনা বানুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।