নোয়াখালী ও ফেনীতে একুশে বইমেলায় ধর্মভিত্তিক গোপন সংগঠন হিজবুত তাওহীদের স্টল গতকাল সোমবার বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় নোয়াখালীতে সংগঠনের চার সদস্যকে আটক করেছে পুলিশ।নোয়াখালীর সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বইমেলার একটি স্টলে হিজবুত তাওহীদের বই বিক্রি হচ্ছে জানতে পেরে গতকাল সন্ধ্যায় পুলিশ মেলায় অভিযান চালায়। এ সময় হিজবুত তাওহীদের স্টল থেকে হিজবুত প্রকাশনের বেশ কিছু বই জব্দ করা হয় এবং স্টলটি বন্ধ করে দেওয়া হয়। আটক করা হয় চারজনকে। আটক ব্যক্তিরা হলেন জেলার সোনাইমুড়ী উপজেলার পোরকরা গ্রামের মাঈন উদ্দিন (৩০), ইব্রাহিম খলিল (১৭), হাসনা আক্তার (১৮) ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বারিহারি এলাকার মমতাজ জাহান (২৫)।নোয়াখালীর জেলা প্রশাসক মো. মিজানুর রহমান জানান, মেলায় ব্যক্তিনামে স্টল বরাদ্দ দেওয়ায় সংগঠনটি সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রথমে বুঝতে পারেননি। কিন্তু গতকাল বিষয়টি নজরে আসায় তত্ক্ষণাত্ স্টলটি বন্ধ করে দেওয়া হয়েছে।ফেনীতে পৌরসভার ব্যবস্থাপনায় শহরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উপলক্ষে গত রোববার থেকে পাঁচ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। মেলায় হিজবুত তাওহীদ একটি স্টল দেয়। স্টল থেকে সংগঠনের নেতা বায়েজিদ খান পন্নীর বইসহ সংগঠনের বিভিন্ন প্রচারপত্র দর্শনার্থীদের মধ্যে প্রচার ও বিলি শুরু হয়। এতে দর্শনার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। দর্শনার্থীরা সঙ্গে সঙ্গে বিষয়টি ফেনীর জেলা প্রশাসককে অবহিত করেন। জেলা প্রশাসক আবদুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, একুশের বইমেলায় কীভাবে হিজবুত তাওহীদের মতো একটি গোপন সংগঠন প্রকাশ্যে স্টল দিতে পারল, তা খতিয়ে দেখা হচ্ছে।