ফেনী ও নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী ও নোয়াখালীতে গতকাল বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের সিলোনীয়া নামক স্থানে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান ও ফেনী শহর থেকে লেমুয়া বাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক মো. আনোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান। তাঁর বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার গুণক গ্রামে। অটোরিকশার অজ্ঞাতনামা একজন যাত্রীকে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।ফেনীর মহীপালের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, পুলিশ কাভার্ডভ্যানটি আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।এদিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নোয়াখালী-কুমিল্লা সড়কে গতকাল বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হন।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা একটার দিকে নাওতলা নামক স্থানে সোনাইমুড়ী থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অজ্ঞাতনামা এক ব্যক্তিকে (৪০) নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত হন ১০ জন।সোনাইমুড়ী থানার উপপরিদর্শক মাহবুবুর রহমান জানান, এলাকাবাসীর সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে।