ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের লেমুয়া নামক স্থানে গতকাল রোববার বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এদিকে গত শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে ফেনী সদর উপজেলার ছনুয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে তিন ব্যবসায়ী লেমুয়া বাজারের দিকে যাচ্ছিলেন। তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওঠামাত্র চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাস পেছন থেকে তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একরাম হোসেন (৩৫) ও মো. মানিক (৩০) নামের দুজন মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আকবর হোসেন সোহাগকে (৩২) উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ফিরোজ আলম জানান, নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন মিরসরাই উপজেলার কচুয়া গ্রামের মো. রনি (২৬) ও ফেনীর দাগনভূঞা উপজেলার রঘুনাথপুর গ্রামের সাদ্দাম হোসেন (২৫)।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, ফেনী থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন রনি ও সাদ্দাম। গত শনিবার রাত সাড়ে আটটার দিকে মোটরসাইকেলটি সুলতানা মন্দির এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
দুর্ঘটনার পর ক্ষুদ্ধ এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক সচল করে।