ফেনী কারাগারে বন্দী বিডিআর সদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলা কারাগারে বন্দী মো. নজরুল ইসলাম (২৮) নামে এক বিডিআর সদস্য গত শুক্রবার রাতে মারা গেছেন। তিনি চট্টগ্রামের ভূজপুর (সাবেক ফটিকছড়ি) থানার কাঞ্চনা গ্রামের অধিবাসী ও চাঁপাইনবাবগঞ্জ কর্মরত বিজিবির সুবেদার মো. গোলাম মোস্তফার ছেলে।পুলিশ ও ফেনী কারাগার সূত্র জানায়, ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিডিআর স্পেশাল কোর্ট কর্তৃক মো. নজরুল ইসলামকে তিন বছর কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়। গত ১১ আগস্ট তাঁকে কাশিমপুর কারাগার থেকে ফেনী কারাগারে স্থানান্তর করা হয়। গত শুক্রবার রাত তিনটার দিকে তিনি কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে রাত চারটায় তিনি মারা যান। নজরুলের মা সুফিয়া বেগম রাতে কারা কর্তৃপক্ষের মুঠোফোনে ছেলের অসুস্থতার সংবাদ শুনে ছেলেকে একনজর দেখার জন্য ছুটে যান ফেনী সদর হাসপাতালে। সেখানে ছেলের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, তাঁদের দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে মো. নজরুল ইসলাম সবার বড়। বড় মেয়ের বিয়ে হয়েছে। নজরুলের বাবার চাকরি আছে আর মাত্র তিন মাস। ছোট ছেলে ও মেয়ে দুটি লেখাপড়া করে। নজরুলই ছিল পরিবারের একমাত্র ভরসা। গতকাল শনিবার দুপুর ১২টায় লাশের ময়নাতদন্ত শেষে লাশ তাঁর মা সুফিয়া বেগমের কাছে হস্তান্তর করা হয় এবং লাশ তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ফেনী জেলা কারাগারের তত্ত্বাবধায়ক সুরাইয়া আক্তার কারাবন্দী বিডিআর সদস্য মো. নজরুল ইসলাম অসুস্থ হয়ে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।